“বরিশালে প্রশাসনিক কেন্দ্রবিন্দুতে বেহাল সড়ক: কাদা-জল ভেঙেই দপ্তরে যাতায়াত”
ছবি: সবার সংবাদ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল :
বরিশাল নগরীর হৃৎপিণ্ডে অবস্থিত বরিশাল জেলা অ্যাকাউন্ট জেনারেল অফিস, জেলা সাব রেজিস্ট্রি অফিস এবং জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় সংলগ্ন গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি দীর্ঘ দিন যাবত বেহাল অবস্থায় পড়ে আছে। দেখার যেন কেউ নেই।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, যা প্রতিদিন হাজার হাজার মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সরজমিনে গিয়ে দেখা গেছে, পিচঢালা রাস্তার অস্তিত্ব প্রায় বিলীন। পুরো রাস্তা জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে এবং পুরো রাস্তা কাদা ও নোংরা জলে সয়লাব হয়ে যায়। শুষ্ক মৌসুমেও ধুলাবালির যন্ত্রণায় অতিষ্ঠ হতে হয় পথচারীদের। বর্তমানে কাদার কারণে পায়ে হেঁটে চলাই দুষ্কর, যানবাহনের কথা তো ভাবাই যায় না।
রিকশা বা অটোরিকশা এই রাস্তায় ঢুকতে চায় না, আর ঢুকলেও প্রায়শই দুর্ঘটনার শিকার হতে হয়। ভোগান্তির চরম সীমায় বিচারপ্রার্থী ও সাধারণ মানুষ: এই রাস্তাটি শুধু সাধারণ সংযোগ সড়ক নয়, এটি তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের প্রবেশপথ। জেলা সাব রেজিস্ট্রি অফিসে প্রতিদিন জমি রেজিস্ট্রি সংক্রান্ত কাজে অগণিত মানুষ যাতায়াত করেন।
ডিসি অফিস ও আদালত পাড়ায় বিচারপ্রার্থী এবং বিভিন্ন প্রশাসনিক কাজে আসা মানুষের ভিড় লেগেই থাকে। এ ছাড়া, অ্যাকাউন্ট জেনারেল অফিসেও প্রতিদিন শত শত মানুষ বিভিন্ন প্রয়োজনে আসেন। এই তিনটি গুরুত্বপূর্ণ দপ্তরে সেবা নিতে আসা বৃদ্ধ, নারী, শিশু এবং শারীরিক প্রতিবন্ধীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। কাদা মাড়িয়ে বা নোংরা জল ভেঙে তাদের দপ্তরে প্রবেশ করতে হয়।
অনেক সময় বিচারপ্রার্থী বা সাধারণ মানুষ কাদার মধ্যে পড়ে গিয়ে পোশাক নষ্ট হওয়ার পাশাপাশি আহতও হচ্ছেন। ক্ষোভ প্রকাশ করে এক বিচারপ্রার্থী জানান, “আজ কয়েক বছর ধরে এই রাস্তাটার এই অবস্থা। একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য ডিসি অফিসে যেতে হয়, কিন্তু রাস্তা দেখে মনে হয় আমরা কোনো প্রত্যন্ত গ্রামের কাঁচা রাস্তায় দাঁড়িয়ে আছি। দেখার যেন কেউ নেই।”
সাব রেজিস্ট্রি অফিসে আসা অপর এক ব্যক্তি বলেন, “জমি রেজিস্ট্রির মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য অনেক বয়স্ক মানুষ এখানে আসেন। তাদের এই কাদার ওপর দিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য। এই রাস্তাটি দিয়ে চলাচল করা একটা যন্ত্রণার নাম।” প্রশাসনের দৃষ্টি আকর্ষণ: স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারীদের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তাটি এই অবস্থায় থাকলেও তা সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এই দীর্ঘ ভোগান্তির অবসান কল্পে ভুক্তভোগীরা
মাননীয় জেলা প্রশাসক এবং মাননীয় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। তারা দাবি করছেন, দ্রুততম সময়ের মধ্যে এই সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করে গুরুত্বপূর্ণ এই দপ্তরগুলোতে সেবা নিতে আসা হাজার হাজার মানুষের যাতায়াত নির্বিঘ্ন করা হোক। সরকারি দপ্তরের পাশের একটি রাস্তার এমন বেহাল দশা প্রশাসনের ভাবমূর্তিও ক্ষুন্ন করছে বলে মনে করেন সচেতন মহল। এই ভোগান্তি দূর করতে দ্রুত পদক্ষেপ না নিলে জনক্ষোভ আরও বাড়তে পারে।
