বরিশালে সিভিল জজ নিখোঁজ, উদ্ধারে মাঠে পুলিশ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল। সবার সংবাদ:
বরিশালের সিভিল জজ শেখ ফারহান নাদিম নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আদালতের কাজ শেষে বাসার উদ্দেশে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ মিলছে না। বুধবারও তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে নগরের বাংলাবাজার এলাকায় মাস্ক পরা অবস্থায় তাঁকে রিকশায় যেতে দেখা যায়। সদর রোডের ফাতেমা সেন্টার এলাকায় তাঁর মুঠোফোনের সর্বশেষ অবস্থান শনাক্ত হওয়ার পর থেকে ফোনটি বন্ধ রয়েছে।
কোতয়ালি মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, পুলিশের একাধিক টিম বিচারককে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। ফোন বন্ধ থাকায় অবস্থান শনাক্তে কিছুটা বিলম্ব হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে আদালত কর্তৃপক্ষ।
