শরণখোলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: তিন গাড়িকে চাপা দিল হামিম পরিবহন, নিহত ১
শরণখোলা প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি গাড়িকে চাপা দিয়েছে ঢাকাগামী হামিম পসরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৭০ বছর বয়সী ইজিভ্যানচালক মো. হানিফ ব্যাপারী। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রোববার সকালে রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঢাকার উদ্দেশে যাত্রা করা হামিম পরিবহনের বাসটি রাজৈর বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা তিনটি গাড়িকে একের পর এক ধাক্কা দেয়। এতে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় নিহত হানিফ ব্যাপারী বকুলতলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম নুর ব্যাপারী।
এ ঘটনায় আহত হয়েছেন সুরমা বেগম (৩৫), মো. হানিফ হাওলাদার (৪৫) ও মো. সোহেল হাওলাদার। সুরমা বেগম খোন্তাকাটা এলাকার বাসিন্দা। হানিফ হাওলাদার রাজৈর এলাকার বাসিন্দা। আর সোহেল হাওলাদার চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা; তার বাবার নাম আব্দুল মজিদ হাওলাদার।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। একটি বাসের আকস্মিক নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি গাড়িকে চাপা দেওয়ার ঘটনায় একজনের মৃত্যু ও তিনজন আহত হওয়ায় এলাকায় শোকের পাশাপাশি উদ্বেগ দেখা দিয়েছে।
দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
