সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বমপেকের সকল পদ ও সদস্যপদ থেকে নুর-বীন রাহাত বহিষ্কার
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদ (বমপেক)-এর যুগ্ম আহ্বায়ক মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাতকে সংগঠনের সকল পদ, সদস্যপদ ও সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা, নীতিমালা ও ভাবমূর্তি সমুন্নত রাখার স্বার্থে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বহিষ্কার নোটিশে উল্লেখ করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বমপেকের আহ্বায়ক মোঃ সরওয়ার হোসেন মোল্লা ও সদস্য সচিব মোহাম্মাদ নাজমুল হক স্বাক্ষরিত ওই বহিষ্কার নোটিশে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, সংগঠনের সদস্যদের লিখিত ও মৌখিক অভিযোগ, সংগঠনের যোগাযোগসংক্রান্ত বিভিন্ন তথ্য এবং সংশ্লিষ্ট ঘটনাবলি যাচাই-বাছাই করে তদন্ত কমিটি প্রতিবেদন প্রদান করেছে।
নোটিশে উল্লেখ করা হয়, তদন্তে সংগঠনের নাম ও পরিচয় ব্যবহার করে ব্যক্তিগতভাবে প্রভাব বিস্তার, সংগঠনের অনুমোদিত কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া উপেক্ষা, সদস্যদের প্রশাসনিকভাবে অপসারণ, সংগঠনের দায়িত্বশীল পদ ও পরিচয় ব্যবহারের বিষয়ে অনিয়ম এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়—এমন বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা ও সাংগঠনিক অসঙ্গতি প্রতীয়মান হয়েছে বলে তদন্ত কমিটি মতামত দিয়েছে।
এছাড়া সংগঠনের নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পদ বা সাংগঠনিক দায়িত্ব প্রদানের কথা বলে অর্থ দাবি করার অভিযোগও তদন্তে আসে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। তদন্ত কমিটির মতে, এসব কর্মকাণ্ড সংগঠনের নীতিমালা, শৃঙ্খলা ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বহিষ্কার নোটিশে আরও বলা হয়, তদন্ত কমিটির প্রতিবেদন এবং সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিবের সমন্বয়ে বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাতের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালার পরিপন্থী।
এর পরিপ্রেক্ষিতে বমপেকের সিদ্ধান্তক্রমে ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাতকে সংগঠনের সকল পদ, সদস্যপদ ও সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়।
নোটিশে স্পষ্ট করা হয়েছে, বহিষ্কারের পর থেকে তিনি বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদ (বমপেক)-এর নাম, পদবি, পরিচয়, লোগো, সিল, ব্যানার, প্যাড, সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ বা অন্য কোনো সাংগঠনিক পরিচয় ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনা, অর্থ সংগ্রহ, সদস্য সংগ্রহ, সভা আহ্বান কিংবা সংগঠনের পক্ষে কোনো বক্তব্য দিতে পারবেন না।
এছাড়া তার ব্যক্তিগত কোনো কর্মকাণ্ড, বক্তব্য, আর্থিক লেনদেন বা অন্য কোনো কার্যক্রমের সঙ্গে বমপেকের কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না এবং এসব কর্মকাণ্ডের দায়ভার সংগঠন বহন করবে না বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। সংগঠনের পরিচয় ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনা করা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
বমপেকের সকল সদস্য, গণমাধ্যমকর্মী, প্রকাশক, সম্পাদক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়টি অবহিত করে ভবিষ্যতে মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাতের সঙ্গে সংগঠনের পরিচয়ে কোনো কার্যক্রম বা আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদের নাম মোঃ সরওয়ার হোসেন মোল্লা এবং সংগঠনের লোগো বারেক হোসেন প্রস্তাব করেন এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
