Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের জানাজা সম্পন্ন

0
tipu

বরিশাল প্রতিনিধি:

দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান, হিজলাবাসী হারালেন অভিজ্ঞ ও জনবান্ধব এক রাজনৈতিক নেতাকে

বরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ সুলতান মাহমুদ টিপু সিকদারের জানাজা আজ সম্পন্ন হয়েছে। গত ২৫ আগস্ট সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুতে হিজলা তথা বরিশালের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সুলতান মাহমুদ টিপু সিকদারের মৃত্যুতে আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ এবং তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে সুলতান মাহমুদ টিপু সিকদার হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। তাঁর রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় নির্যাতন ও মামলার হয়রানির শিকার হওয়ার কথাও তাঁর সহকর্মী ও অনুসারীরা উল্লেখ করেছেন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পরও তিনি বিভিন্ন মামলায় হয়রানির শিকার হন বলে তাঁর ঘনিষ্ঠজনেরা দাবি করেছেন।

সুলতান মাহমুদ টিপু সিকদার এলাকায় একজন জননন্দিত, কর্মীবান্ধব ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে হিজলার মানুষের সঙ্গে তাঁর ছিল গভীর সম্পর্ক। তাঁর মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, সুলতান মাহমুদ টিপু সিকদারের মৃত্যুতে হিজলাবাসী একজন প্রিয় অভিভাবককে হারিয়েছে। রাজনৈতিক অঙ্গন হারিয়েছে একজন অভিজ্ঞ সংগঠককে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...