মিরসরাইয়ে হাসপাতালের লিফটেই প্রসূতির সন্তান প্রসব, শঙ্কামুক্ত নয় নবজাতক
আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাটের বিএম হাসপাতালে লিফটের ভেতর সন্তান প্রসব করেছেন প্রিয়াঙ্কা রায় নামে এক মানসিক ভারসাম্যহীন প্রসূতি। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মা কিছুটা সুস্থ থাকলেও নবজাতক এখনো শঙ্কামুক্ত নয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওই প্রসূতি হাসপাতালের লিফটে করে ওপরে উঠছিলেন। এ সময় লিফটের ভেতরেই তার প্রসবব্যথা শুরু হয় এবং পানি ভাঙতে থাকে। পরিস্থিতি বুঝতে পেরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা লিফটের চারপাশ কাপড় দিয়ে ঘিরে সেখানেই সন্তান প্রসব করান।
প্রসবের পর মা ও নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটিকে হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) নেওয়া হয়। অন্যদিকে, মাকে ভর্তি করা হয় হাসপাতালের মহিলা ওয়ার্ডে।
এদিকে, ঘটনার পর রাতে প্রসূতির কোনো অভিভাবককে খুঁজে না পেয়ে বিপাকে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রিয়াঙ্কা রায়ের স্বামী মিলন রায়কে খুঁজে বের করা হয়। তাদের বাড়ি মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামে।
নবজাতকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় বৃহস্পতিবার সকালে বিএম হাসপাতালের আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা, মিরসরাই পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মোহন দে এবং জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
বিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গণি ভূইয়া বলেন, বুধবার রাতে হাসপাতালে আসা ওই নারীর শারীরিক অবস্থা ভালো ছিল না। পরিস্থিতির কারণে লিফটের ভেতরে কাপড় দিয়ে ঘিরে সন্তান প্রসব করাতে হয়। বর্তমানে মা অনেকটা সুস্থ হলেও নবজাতকের অবস্থা শঙ্কামুক্ত না হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মা ও শিশুর চিকিৎসাসহ সব ধরনের খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করছে। এমনকি তাদের খাবারের খরচও দেওয়া হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা বলেন, বুধবার রাতে খবর পেয়ে তিনি বিএম হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীর চিকিৎসা চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। পরে বৃহস্পতিবার প্রসূতির অভিভাবককে খুঁজে বের করা হয় এবং নবজাতককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। সন্তান প্রসব থেকে শুরু করে নবজাতকের নিবিড় পরিচর্যা ও মায়ের চিকিৎসার সব খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে বহন করেছে।
