Advertisement
নভেম্বর ২২, ২০২৬

‘মৃত্যুই যদি ভবিতব্য হয়, দেশের মাটিতেই মরতে চাই’: শেখ হাসিনা

0
shekh hasina

সবার সংবাদ ডেস্ক:

আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেখানে তাঁর মাথায় মৃত্যুদণ্ডের খাড়া ঝুলছে। বাংলাদেশে পা রাখামাত্র তাঁকে গ্রেফতার করা হতে পারে। এমনকি, কার্যকর করা হতে পারে মৃত্যুদণ্ডও। নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি ভারত বা আমেরিকার সাহায্য চান? হাসিনা সাফ জানিয়ে দিলেন, বিদেশি শক্তির কাছে কোনও সাহায্যের আবেদন তিনি করেননি। গ্রেফতারি বা মৃত্যু, কপালে যা থাকবে, তা-ই তিনি মেনে নেবেন। তাঁর প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত ঢাকাও।

বৃহস্পতিবার সংবাদসংস্থা এপি-কে ইমেলের মাধ্যমে সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন, দেশে ফিরতে তিনি বদ্ধপরিকর। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য কি তিনি ভারত বা আমেরিকার দ্বারস্থ হচ্ছেন? তিনি কি চান বাংলাদেশের বর্তমান সরকারকে তাঁর নিরাপত্তার জন্য চাপ দিক ভারত বা আমেরিকা? আওয়ামী লীগ নেত্রী বলেছেন, ‘‘আমি সমস্ত দেশের সঙ্গে সুসম্পর্ক এবং বন্ধুত্বকে গুরুত্ব দিই। আমাদের বিদেশনীতি সবসময় তেমনই ছিল। কিন্তু আমার নিজের দেশে ফেরার জন্য কোনও বিদেশি শক্তির সুরক্ষার প্রয়োজন নেই।’’ মৃত্যুদণ্ড প্রসঙ্গে তাঁর জবাব, ‘‘যদি মৃত্যুই আমার ভবিতব্য হয়, আমি নিজের দেশের মাটিতে নিজের লোকজনের মাঝে মরতে চাই। তাই আমি বাংলাদেশে ফিরব। আমার সেই সিদ্ধান্তে কোনও পরিবর্তন হয়নি।’’

২০২৪ সালের অগস্টে গণবিক্ষোভের চাপে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছিলেন হাসিনা। সেই থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি। একাধিক বার তাঁকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল হাসিনাকে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে। পরে হাসিনা জানান, তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান। কিন্তু তিনি ফিরলে বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপি সরকার কী করবে? তাঁকে কি পাসপোর্ট দেওয়া হবে? বৃহস্পতিবার সে দেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর পাসপোর্টের বিষয়টি ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, হাসিনার দেশে ফেরা আসলে কোনও প্রত্যাবর্তন নয়। বরং ভারতের উচিত বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া।

হাসিনা প্রসঙ্গে বাংলাদেশের মন্ত্রী বলেন, ‘‘উনি কি এখানে শ্বশুরবাড়িতে বেড়াতে আসবেন যে তাঁকে পাসপোর্ট দেব? শেখ হাসিনা আসলে পলাতক সন্ত্রাসবাদী। এখানে হাজার হাজার মানুষকে হত্যা করে তিনি পালিয়ে গিয়েছেন। সন্ত্রাসবাদী বা অপরাধীদের ধরার জন্য আমাদের সক্রিয় প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাদের ধরতে কোনও পাসপোর্ট লাগে না, তাদের হস্তান্তর করতে হয়।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```