Advertisement
নভেম্বর ২২, ২০২৬

শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদ নেতার পদ হারালেন

0
7

সবার সংবাদ ডেস্ক:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ সম্বোধন করায় জয়পুরহাট পৌর শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মারুফ হাসানকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ বাতিল করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) জয়পুরহাট জেলা জিয়া পরিষদের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জয়পুরহাট জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে পৌর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে সম্বোধন করেন। তার এই বক্তব্যে সভাকক্ষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং একপর্যায়ে হট্টগোল শুরু হলে তাকে বক্তব্য প্রদান থেকে বিরত রাখা হয়।

পরবর্তীতে বক্তব্যের সেই অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

জেলা জিয়া পরিষদের সভাপতি আমিনুল ইসলাম জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতো একটি ঐতিহাসিক দিবসের মঞ্চে দাঁড়িয়ে এমন বিতর্কিত বক্তব্য দিয়ে মারুফ হাসান সংগঠনের আদর্শ, ভাবমূর্তি ও শৃঙ্খলা মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগেই তাকে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বহিষ্কারের চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে মারুফ হাসান বলেন, ‘আমি জন্মলগ্ন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। অসুস্থতার কারণে কিছুদিন নিষ্ক্রিয় ছিলাম। আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় শব্দচয়নে ভুল হয়েছিল। আওয়ামী লীগের রাজনীতির সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।’

উল্লেখ্য, উক্ত আলোচনা সভার প্রধান ব্যানারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং সভায় বিতর্কিত বক্তব্যের সময় জেলা প্রশাসকের (ডিসি) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জেলা ছাত্রদল ক্ষোভ প্রকাশ করে। এর প্রতিবাদে জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবিতে ইতোমধ্যে ৭২ ঘণ্টার আলটিমেটাম বেঁধে দিয়েছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```