Advertisement
নভেম্বর ২২, ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়া নিয়ে রিজভীর প্রশ্ন

0
rizvi

সবার সংবাদ ডেস্ক:

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, “একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পতন হয়েছে ২০২৪ সালে। হঠাৎ করে তিনি আসবেন বলছেন। তিনি পাসপোর্টের জন্য, এনআইডির জন্য আবেদন করবেন বলছেন। তো উনি কীভাবে গেছেন, আমরা সবাই জানি। পালিয়ে গেছেন।”

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মাঠে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’র রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

রুহুল কবির রিজভী বলেন, “শেখ হাসিনা পলাতক অপরাধী। মানবতাবিরোধী অপরাধের বিচার এড়ানোর সুযোগ নেই। তার বিচার অবধারিত।”

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তখন গণমাধ্যমে তার বক্তব্য প্রচার করা যাবে না বলেও নির্দেশনা ছিল। তারেক রহমান লন্ডন থেকে কোনো বক্তব্য দিলে তা প্রচার করা যাবে না বলে জানানো হয়েছিল। তখন আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, যারা ফিউজিটিভ, তাদের বক্তব্য প্রচার করা যায় না।”

রুহুল কবির রিজভী প্রশ্ন করেন, “তাহলে আজকে কীসের ভিত্তিতে একজন সত্যিকার অর্থে ফিউজিটিভ, যিনি জনগণের চোখের সামনে দিয়ে পালিয়ে গেছেন, তার বক্তব্য প্রচার হবে? তারেক রহমান সাহেব পলাতক ছিলেন না। তাকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে। তিনি একরকম পঙ্গুত্বের পর্যায়ে চলে গিয়েছিলেন। তার চিকিৎসার দরকার ছিল। সবার সামনে দিয়ে তিনি গিয়েছিলেন। এরপর তার নামে মামলা, যাবজ্জীবন জেলসহ নানা ধরনের হয়রানি করা হয়েছে। আর সেটা শেখ হাসিনার আদালতে, শেখ হাসিনার আইনি প্রক্রিয়ায়।”

তিনি বলেন, “আবু সাঈদ, আহনাফ, ওয়াসিম আকরাম ও মুগ্ধের রক্তের পাশাপাশি ১ হাজার ৪০০ শিশু, কিশোর ও তরুণের রক্তের দাগ শুকিয়ে যায়নি। তাদের আত্মত্যাগ ভুলে যাওয়ার সুযোগ নেই।”

আইনের শাসন প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, “সত্য জনগণের সামনে উন্মোচন করে আইনের শাসন নিশ্চিত করা সরকারের মূল দায়িত্ব। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সেই দায়িত্ব পালন করবে।” 

তিনি দাবি করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। এখানে ডামি নির্বাচন কিংবা মিডনাইট নির্বাচন হয়নি। সবার অংশগ্রহণে ভোটারদের প্রত্যক্ষ অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, “সেই সরকার আইনের সত্যিকারের যে প্রয়োগ, ন্যায়সঙ্গত যে প্রয়োগ, তা করবে। আইন-আদালত জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে সারা বিশ্বে, বিশেষ করে যেসব দেশে আইনের শাসন ও গণতন্ত্র আছে, সেখানে প্রতিষ্ঠিত। সেই নীতিই বাস্তবায়ন করবে এই সরকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```