Advertisement
নভেম্বর ২২, ২০২৬

ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগ, নোয়াখালী থেকে কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ গ্রেপ্তার

0
1

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি । সবার সংবাদ:

চট্টগ্রামের রাউজানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সারিবদ্ধভাবে একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার ঘটনায় মোঃ হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ৯ নভেম্বর নোয়াখালীর কবিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে একাধিক আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অন্য একজনকে ভয়ভীতি ও হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি নজরে আসার পর অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয় ও অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্তে তদন্ত শুরু করে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখা।

গ্রেপ্তার শাওন রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার মোঃ বাদশা মিয়ার ছেলে। এলাকায় তিনি কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

জিজ্ঞাসাবাদে শাওন দাবি করেন, ভাইরাল ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। ওই ব্যক্তিকে ২০২৫ সালের ৩০ অক্টোবর বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছিল র‌্যাব।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শাওন বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ এবং হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করতেন। পরে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় দুটি মামলা রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অস্ত্রের উৎস, তার সঙ্গে জড়িত অন্য অপরাধ এবং চাঁদাবাজির সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রের ছবি, ভিডিও ও হুমকিমূলক বার্তা ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```