নওগাঁয় ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনায় বগুড়া থেকে গ্রেফতার; ১৫ লাখ টাকা, সাতটি ব্যাংকের এটিএম কার্ড ও তিনটি চেকবই উদ্ধার
মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ক্রেডিট কার্ড প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আত্মসাৎ করা ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেকবই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যেপাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলাম ওরফে রিপন (৩৭) এবং তাঁর স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)। মামলার এজাহার সূত্রে জানা যায়,ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নওগাঁ শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ ফয়জুল ইসলাম (৪৪) বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, শহিদুল ইসলাম ওই ব্যাংকের একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক।
তাঁর চলতি হিসাবের বিপরীতে ২০১৫ সালে এক লাখ টাকা সীমার একটি খিদমাহ ক্রেডিট কার্ড ইস্যু করা হয়। অভিযোগ অনুযায়ী,ক্রেডিট কার্ড ব্যবহার করে পূবালী ব্যাংক পিএলসির এটিএম ও সিআরএম বুথ থেকে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের পাঁচটি হিসাবসহ একাধিক হিসাবে ধারাবাহিকভাবে অর্থ স্থানান্তর করা হয়। প্রথম দিকে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম অর্থ স্থানান্তর করা হলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে প্রতিবার আড়াই লাখ টাকা পর্যন্ত করা হয়, যা অনুমোদিত সীমার অতিরিক্ত বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়,২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে সর্বমোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন),সাইবার ক্রাইম বিশেষজ্ঞ মোঃ মনিরুল ইসলাম, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিন্টু রহমান এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোঃ হাসিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়।
পুলিশ জানায়, সদর মডেল থানা ও ডিবি পুলিশের সদস্যরা টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে বগুড়া সদরের বিভিন্ন স্থান থেকে শহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশিকে গ্রেপ্তার করেন। গ্রেফতারের পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাঁদের শয়নকক্ষের কাঠের আলমারির ভেতরে একটি ব্যাগ থেকে বিভিন্নভাবে রাখা ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
এ ছাড়া সাতটি ব্যাংকের এটিএম কার্ড,তিনটি ব্যাংকের চেকবই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আত্মসাৎ করা অর্থের মধ্যে প্রায় দেড় কোটি টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা এবং বাকি অর্থের একটি অংশ দিয়ে বিলাসী জীবনযাপনের তথ্যও পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি কিংবা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী জড়িত রয়েছেন কি না,তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো অর্থ আত্মসাতের কৌশল, লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব এবং সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
