Advertisement
নভেম্বর ২২, ২০২৬

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, প্রাণনাশের হুমকি

0
2

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি । সবার সংবাদ:

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর মুঠোফোনে ওই ব্যবসায়ীকে আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকি দিয়ে বলা হয়েছে, ‘আজ বাড়িতে গুলি করেছি, কাল শরীরে গুলি করব।’

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর কমিশনার বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ব্যবসায়ী জাফর আহমেদের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ভবনের একটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ভুক্তভোগী ব্যবসায়ী জাফর আহমেদের অভিযোগ, ‘রায়হান’ পরিচয়ে এক ব্যক্তি তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ওই ব্যক্তির সহযোগীরা তাঁর বাড়িতে গুলি চালিয়েছে। জাফর আহমেদ জানান, প্রায় ১০ মাস আগে ওমানের একটি মুঠোফোন নম্বর থেকে তাঁকে ফোন করে চাঁদা দাবি করা হয়। সে সময় তিনি ক্যানসারে আক্রান্ত স্ত্রীকে নিয়ে ভারতে অবস্থান করছিলেন। এরপর দীর্ঘদিন কোনো ফোন না এলেও গত বুধবার একই ব্যক্তি আবারও ফোন করে ২০ লাখ টাকা দাবি করেন।

তিনি আরও জানান, নিজের স্ত্রী ক্যানসারে আক্রান্ত এবং তিনি নিজেও মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকে আক্রান্ত হওয়ার বিষয়টি জানালেও চাঁদার দাবিতে অনড় থাকেন ওই ব্যক্তি। গুলিবর্ষণের পর ‘রায়হান’ পরিচয় দেওয়া ওই ব্যক্তি আবারও ফোন করে তাঁকে হুমকি দেন। এ সময় বলা হয়, ‘টাকা যেহেতু দিসনি, আজ বাড়িতে গুলি করেছি, কাল তোর গায়ে গুলি করব।’

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ‘রায়হান’ পরিচয়ে এক ব্যক্তি ওই ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না পেয়ে বাড়িতে গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জাফর আহমেদের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি বায়েজিদ এলাকায় বসবাস করেন এবং জায়গা-জমির ব্যবসার সঙ্গে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```