Advertisement
নভেম্বর ২২, ২০২৬

দীর্ঘ বিরতি শেষে ৪৬ বছর বয়সে মাঠে ফিরলেন রোনালদিনহো

0
9 (2)

খেলা ডেস্ক । সবার সংবাদ:

চুলে পাক ধরেছে, চেহারায়ও এসেছে বয়সের ছাপ। সেরা সময়ের সেই রোনালদিনহোকে আর দেখা যায়নি। তবে রোববার ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে পেশাদার ফুটবলে ফিরেই জয়ের স্বাদ পেয়েছেন ব্রাজিলের এই কিংবদন্তি। সিরি ‘আ’-তে খেলার স্বপ্ন দেখছে ক্লাবটি।

২০২৪ সাল থেকে রাভেনার মালিকানায় থাকা ইতালীয়-আমেরিকান ব্যবসায়ী ইগনাজিও সিপ্রিয়ানির নজরদারিতে রোনালদিনহো মূলত ক্লাবটির প্রচারণার এক চতুর কৌশলের কেন্দ্রবিন্দুতে পরিণত হন।

৪৬ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা ২০১৫ সালে ফ্লামিনেন্সের হয়ে খেলার পর প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামেন। তবে তাঁর পারফরম্যান্স ছিল বেশ সাদামাটা। ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলের কাছে ব্রুনো বেনেল্লি স্টেডিয়ামে দর্শকে পরিপূর্ণ গ্যালারির সামনে স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফোরলিকে ২-০ গোলে হারায় সিরি ‘বি’-তে উন্নীত হওয়ার লক্ষ্যে থাকা রাভেনা।

বার্সেলোনা ও ব্রাজিলের হয়ে সেরা সময়ে দুর্দান্ত ড্রিবলিং এবং অবিশ্বাস্য বল নিয়ন্ত্রণের জন্য পরিচিত রোনালদিনহো এদিন বেশির ভাগ সময় মাঠে হেঁটে বেড়িয়েছেন। সতীর্থদের সহজ কিছু পাস দিয়েছেন। একসময় যাঁরা খেলোয়াড় হিসেবে তাঁর ধারেকাছেও ছিলেন না।

মাঠ ছাড়ার সময় রোনালদিনহো বলেন, ‘আমাকে খেলা দেখতে দেখতে বড় হওয়া এত তরুণ ফুটবলারকে দেখা এবং এখন তাদের সঙ্গে একই মাঠে খেলতে পারা ছিল অসাধারণ।’

রোনালদিনহোর আগমনে রাভেনা এমন পরিচিতি পেয়েছে, যা আগে কল্পনাও করা যায়নি। বেনেল্লি স্টেডিয়ামে সাংবাদিক ও আলোকচিত্রীদের ভিড় দেখে ক্লাবের মালিক সিপ্রিয়ানি নিশ্চয়ই খুশি হয়েছেন।

২০০৫ সালের ব্যালন ডি’অর জয়ী রোনালদিনহো শুধু প্রথমার্ধ খেলেছেন। তবে ৩৬ মিনিটে স্বাগতিক রাভেনাকে এগিয়ে দেওয়া জুলিও দোনাতির গোলের আক্রমণেও তিনি যুক্ত ছিলেন।

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাঠে নামেন রোনালদিনহো। এ উপলক্ষে পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতার বেনেল্লি স্টেডিয়ামে অস্থায়ীভাবে আরও ১ হাজার ৮০০ আসনের একটি গ্যালারি তৈরি করা হয়। নাম দেওয়া হয় ‘আর১০’।

গ্যালারিতে জ্বালানো হয় আগুনের শিখা ও ধোঁয়া বোমা। স্টেডিয়ামের মাইকে বাজতে থাকে জনপ্রিয় ইতালিয়ান গায়ক আন্দ্রেয়া বোচেল্লির বিখ্যাত গান ‘কন তে পার্তিরো’।

প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ার আগে সতীর্থ ও ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান রোনালদিনহো। অপেক্ষায় থাকা সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দেন তিনি।

রাভেনার হয়ে আবার খেলবেন কি না, তা একমাত্র তিনিই জানেন। কারণ এই এককালীন উপস্থিতির আগে সতীর্থদের সঙ্গে মাত্র একটি অনুশীলন সেশনে অংশ নিয়েছিলেন তিনি।

ক্লাবের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রচেষ্টার অংশ হিসেবে গত জুনে রোনালদিনহোকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সিপ্রিয়ানি। আগস্টের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

তবে রোববারের ম্যাচের মাত্র কয়েক দিন আগে ইতালিতে পৌঁছান এই তারকা। তাতে দীর্ঘ সময়ের জন্য ক্লাবটির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে তাঁর প্রতিশ্রুতির অভাবই ইঙ্গিত করে।

আবার খেলবেন কি না, এমন প্রশ্নে রোনালদিনহো বলেন, ‘এখনো জানি না।’

তিনি আরও বলেন, ‘এখন বিষয়টি সভাপতির ওপর নির্ভর করছে। তিনি ডাকলে আমি ফিরে আসব।’

২০০৮ সালের পর থেকে সিরি ‘বি’-তেও খেলতে পারেনি রাভেনা। সিরি ‘সি’র আঞ্চলিক গ্রুপে বর্তমানে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা স্পেজিয়ার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে আছে ক্লাবটি।

সিরি ‘সি’র তিনটি গ্রুপ থেকে একটি করে দল সরাসরি সিরি ‘বি’-তে উন্নীত হবে। দ্বিতীয় বিভাগের বাকি একটি জায়গা নির্ধারিত হবে প্লে-অফের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```