Advertisement
নভেম্বর ২২, ২০২৬

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত, আহত ৩

0
7

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি । সবার সংবাদ:

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা।

আহতরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরও এক শিশু। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, জুমার নামাজের পর পরিবারের সদস্যরা রামুর উমখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় তাঁদের বহনকারী অটোরিকশাটিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদিন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```