Advertisement
সেপ্টেম্বর ৮, ২০২৬

কাপ্তাইয়ে অবৈধ দেশীয় মদের কারখানার সন্ধান, বিপুল সরঞ্জাম ও কাঁচামাল জব্দ

0
1

ছবি: সংগৃহীত

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাইয়ে দেশীয় মদ তৈরির একটি অবৈধ কারখানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কারখানা থেকে তৈরি মদ, মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীন কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বৈরাগীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী। অভিযানটি নায়েব সুবেদার মোহাম্মদ ইব্রাহিমের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

বিজিবি জানায়, অভিযানের সময় বৈরাগীপাড়া এলাকায় দেশীয়ভাবে মদ উৎপাদনের একটি অবৈধ কারখানার সন্ধান পাওয়া যায়। তবে অভিযানের সময় কারখানাটিতে কোনো মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিকে পাওয়া যায়নি।

অভিযানে কারখানা থেকে তিনটি জেনারেটর, ১২টি প্লাস্টিকের ড্রাম, ১৫০টি সিলভারের হাঁড়ি, রাসায়নিক উপকরণভর্তি তিনটি বোয়াম এবং ৩০ লিটার তৈরি মদ জব্দ করা হয়।

এ ছাড়া মদ তৈরির জন্য সংরক্ষণ করা প্রায় ১ হাজার ৫০০ লিটার কাঁচামালও জব্দ করা হয়েছে। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৯১ হাজার টাকা।

বিজিবির প্রেস নোটে জানানো হয়েছে, জব্দ করা মদ ও মদ তৈরির সরঞ্জাম পুলিশ কর্তৃক ধ্বংস করা হবে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...