Advertisement
অক্টোবর ২৩, ২০২৬

পঞ্চগড়ের বোদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

0
3

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বোদা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও এনজিওকর্মীরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের সভাপতিত্বে ও তিতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আজাদ রয়েল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সমাজ কর্মী ও পাঁচপীর ইউনিয়নের বিএনপির নেতা হুমায়ুন কবীর লায়ন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। সাক্ষরতা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে, চিন্তাশক্তির বিকাশ ঘটায় এবং ব্যক্তি ও সমাজকে উন্নতির পথে এগিয়ে নেয়।

বক্তারা আরও বলেন, টেকসই সমাজ গঠন, জনকল্যাণ নিশ্চিত এবং একটি শিক্ষিত ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সাক্ষরতার কোনো বিকল্প নেই। শতভাগ সাক্ষরতা অর্জনের পাশাপাশি বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী জীবনমুখী ও ব্যবহারিক শিক্ষার প্রসার ঘটাতে হবে।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বোদা উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, বোদার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, এনামুল হক, মিজানুর রহমান, সাংস্কৃতিক কর্মী মাজেদুল ইসলাম আকাশ ও ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার-এর সম্পাদক শিক্ষার্থী শিমু আক্তার।

এসময় অনুষ্ঠানে উপজেলা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```