Advertisement
সেপ্টেম্বর ৮, ২০২৬

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ঠিকাদারের মৃত্যু, চালক আটক

0
2

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজি অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজি অটোরিকশাচালক সাইফুল ইসলাম (৩৫) আহত হয়েছেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ও চালক শাহীন আলমকে (৩২) আটক করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের সিপির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট এলাকার এনামুল হকের ছেলে। তিনি জাতীয় অর্থনৈতিক অঞ্চলে ঠিকাদারি প্রতিষ্ঠানের পাশাপাশি স্কেভেটর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখ সিপির মোড়ে যাত্রী নামিয়ে ভাড়া পরিশোধ করছিলেন মোহাম্মদ হোসেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান (চট্টমেট্রো-ট-১১-২২৩৬) সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে মোহাম্মদ হোসেন গুরুতর আহত হন। আহত হন সিএনজি চালক সাইফুল ইসলামও।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে মোহাম্মদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিএনজি চালক সাইফুল ইসলাম জানান, সিপির মোড়ে যাত্রী নামানোর পর ভাড়া নিয়ে গাড়ি স্টার্ট করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তখনই পেছন থেকে কাভার্ডভ্যানটি সিএনজিকে চাপা দেয়। এতে যাত্রী মোহাম্মদ হোসেন গুরুতর আহত হন এবং তিনিও আহত হন। দুর্ঘটনায় তার সিএনজি অটোরিকশাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুর নবী রাহাত বলেন, মোহাম্মদ হোসেনের অবস্থা ক্রিটিক্যাল ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়।

জাতীয় অর্থনৈতিক অঞ্চলের শিল্পজোন পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুরুতর আহত মোহাম্মদ হোসেনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিএনজি চালক সাইফুল ইসলাম সামান্য আহত হয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়টি জোরারগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যান ও এর চালক শাহীন আলমকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...