মেহেন্দিগঞ্জে রাতভর পুলিশের মাদকবিরোধী অভিযান ৫ কেজি গাঁজা, ৫০ পিস ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৪
আবুল হাসেম মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৬ হাজার ৩৩০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাজাজ মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত থেকে ভোররাত পর্যন্ত মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মো. রুবেল খান ও সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে রোববার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে মেহেন্দিগঞ্জ থানাধীন দক্ষিণ উলানিয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় একটি বসতবাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ চারজনকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির বিভিন্ন অংকের নোটসহ নগদ ৬ হাজার ৩৩০ টাকা এবং একটি বাজাজ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মোস্তফা বেপারী (৪৪), পিতা মৃত ফজলে করিম বেপারী, সাং রাজাপুর, দক্ষিণ উলানিয়া; মো. রাসেদ সরদার (৩৮), পিতা মৃত কাঞ্চন সরদার, সাং দাদপুর মধ্যকান্দি; মো. মফিজ ঢালী (৩৫), পিতা মৃত কাশেম ঢালী, সাং দাদপুর মধ্যকান্দি এবং রাজিব হাওলাদার (২৯), পিতা মৃত হারুন অর রশিদ, সাং রাজাপুর, দক্ষিণ উলানিয়া। তাদের সবার বাড়ি মেহেন্দিগঞ্জ থানাধীন এলাকায়।
ওসি মমিন উদদীন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
