Advertisement
নভেম্বর ২২, ২০২৬

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, সুস্থ সংস্কৃতি চর্চা, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

0
1 (14)

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধি। সবার সংবাদ:

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, সুস্থ সংস্কৃতি চর্চা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। ক্লাসরুমের নৈতিক শিক্ষা ছাড়া কেউ ডিসি, এসপি, মন্ত্রী কিংবা এমপি হলেও ভালো মানুষ হতে পারেন না। এ জন্য শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা ছেড়ে নিয়মিত ক্লাসরুমে ফিরতে হবে

শনিবার (২১ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ সরকারি কলেজের নবীনবরণ, সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, কোচিংয়ে কেবল পরীক্ষায় পাসের কৌশল শেখানো হয়, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষকরা পাঠ্যবইয়ের বাইরেও সমাজ, রাষ্ট্র ও জীবনবোধ সম্পর্কে প্রকৃত শিক্ষা দেন।

পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, সুস্থ সংস্কৃতি চর্চা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন তিনি।

পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেগম সেলিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ সাজ্জাদ ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়। পরে তিনি কলেজের বার্ষিক ক্রীড়া. সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এদিন সকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ের বোদা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) কর্তৃক আয়োজিত ১৮ তম বার্ষিক সাধারণ সভা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির (কাল্ব) অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. তোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় প্রতিমন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের বিবরন তুলে ধরেন।

এর পর তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বোদা উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী এবং ভারতীয় মিত্র বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে, যা আমাদের চূড়ান্ত বিজয় ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়কে ত্বরান্বিত করে।

তিনি আরও বলেন, প্রতি বছর ২১ নভেম্বর পালিত ‘সশস্ত্র বাহিনী দিবস’ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের বীরত্ব, আত্মত্যাগ ও স্বাধীনতার গর্বিত প্রতীক। সেদিনের সেই সমন্বিত সামরিক অভিযানই একটি ঐক্যবদ্ধ সামরিক কাঠামো গড়ে তুলেছিল, যা স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```