শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের অবস্থান কী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক । সবার সংবাদ:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা এখন তুঙ্গে। তবে সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, শেখ হাসিনা ফিরতে চাইলেও সরকার চায় প্রত্যর্পণ।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি প্রত্যর্পণ চুক্তি অনুসারেই দেশে ফিরতে পারেন।
তিনি বলেন, এ বিষয়ে সরকার এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে (ভারত) চিঠি দিয়েছে। ওই দেশও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। কোনো প্রাণহানি বা সম্পদহানি ছাড়াই তাদের আগের সব অপচেষ্টা ভণ্ডুল করা হয়েছে। ভবিষ্যতেও কেউ এ ধরনের তৎপরতার মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে নয়, নিজেদের কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে দলটির পতন ও পলায়নের পর রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো স্বীকৃতি নেই। বাংলাদেশের মানুষও তাদের সেই স্বীকৃতি দেবে না।
তিনি আরও বলেন, জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও রাজনীতিতে ফিরতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর বাংলাদেশে প্রত্যাবর্তন করতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।
