Advertisement
অক্টোবর ২৪, ২০২৬

সীতাকুণ্ডে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, গলায় ফাঁসের চিহ্ন নেই

0
7

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. আব্দুল্লাহ আল পাশা (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার গলায় ফাঁসের কোনো দৃশ্যমান চিহ্ন পাননি। এ ঘটনায় তার মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া এলাকার নিজ বাড়ি থেকে পাশার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মো. নুরুল আফছারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাশা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একজন কর্মী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পাশার মেজ ভাইয়ের বিয়ের কেনাকাটা শেষে রাত ৮টার দিকে তারা বাড়িতে ফেরেন। এ সময় পাশাকে তার নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিব্বীর আহমেদ প্রিন্স বলেন, হাসপাতালে আনার আগেই পাশার মৃত্যু হয়েছিল। গলায় ফাঁস দেওয়ার কথা বলা হলেও তার গলায় ফাঁসের কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি।

নিহতের চাচি ঝর্ণা আক্তার জানান, প্রায় সাত মাস আগে প্রেম করে বিয়ে করেছিলেন পাশা। বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার ঝগড়া হয়। তিনি আরও জানান, পাশা মাদকাসক্ত ছিলেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের কেউ নিশ্চিত নন।

সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```