হিজলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বনজ ঔষধি চারা বিতরণ
হিজলা (বরিশাল) সংবাদদাতা:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে বরিশালের হিজলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে আজ ১৫ সেপ্টেম্বর মংলবার সকালে এই চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক চারা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। হিজলা উপজেলার সরকারি সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিতরণের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইলিয়াস সিকদার।
তিনি বক্তব্যে বলেন, “দেশকে সবুজে সমাদৃত করা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে ফলজ চারা রোপণ ও সেটির সঠিক পরিচর্যা করার আহ্বান জানান তিনি।” তিনি আরও যোগ করেন, এই চারাগুলো বড় হয়ে যেমন একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, অন্যদিকে শিক্ষার্থীদের পারিবারিক পুষ্টির চাহিদাও পূরণ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: আলতাফ হোসেন খোকন, উপজেলা বিএনপির সদস্য সচিব -এডভোকেট দেওয়ান মো: মনির এবং মাধ্যমিক একাডেমিক শিক্ষা অফিসা- মো: নজরুল ইসলাম। এছাড়াও হিজলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবেশকর্মী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিনামূল্যে উন্নত জাতের আম, জাম, কাঁঠাল, পেয়ারাসহ বিভিন্ন ফলজ চারা হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় এবং বাড়ির আশপাশে এই চারাগুলো রোপণের প্রত্যয় ব্যক্ত করে।
