অপরাধ দমনে সাফল্য,নওগাঁ ডিবি পুলিশকে সম্মাননা দিলেন পুলিশ সুপার
মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
অপরাধ দমন, অপরাধী গ্রেফতার এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সাফল্য অর্জন করায় নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যদের উপহার ও অভিনন্দন জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
অপরাধ দমনে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ, পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একের পর এক সাফল্য অর্জন করায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের এ সম্মাননা উপহার প্রদান করেন তিনি। এ সময় পুলিশ সুপার ডিবি পুলিশের সদস্যদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও অপরাধ দমনে আরও দক্ষতা,আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ গ্রহণ, অপরাধীদের আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধ দমনে নওগাঁ জেলা পুলিশের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।
