Advertisement
নভেম্বর ২২, ২০২৬

আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে পাকিস্তানি মন্ত্রীর ভারত সফর

0
3

আন্তর্জাতিক ডেস্ক । সবার সংবাদ:

আঞ্চলিক একটি সম্মেলনে যোগ দিতে শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন পাকিস্তানের একজন মন্ত্রী।

গত বছর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর এই প্রথম পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধি ভারত সফরে গেলেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে ভারত ও পাকিস্তান একাধিক যুদ্ধে জড়িয়েছে। এসব সংঘাতের প্রধান কারণ দুই দেশের মধ্যে বিভক্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চল। ভারত ও পাকিস্তান উভয় দেশই পুরো কাশ্মীরের মালিকানা দাবি করে।

পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক ভারতের রাজধানীতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) একটি সাংস্কৃতিক সম্মেলনে দেশটির প্রতিনিধিত্ব করছেন। ভারতে অবস্থিত পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

২০২৩ সালের মে মাসে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়া রাজ্যে এসসিওর বৈঠকে অংশ নিয়েছিলেন। এরপর এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী ভারত সফর করলেন।

অন্যদিকে, ২০২৪ সালে এসসিওর বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর করেছিলেন।

১০ সদস্যের এই আঞ্চলিক জোটের ‘সভ্যতাভিত্তিক সংলাপ ফোরামে’ বক্তব্য দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

চার দিনব্যাপী এই সম্মেলনের লক্ষ্য হলো, অঞ্চলটির সমৃদ্ধ ও পরস্পর সংযুক্ত সভ্যতাগত ঐতিহ্য উদযাপন করা। পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদার এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে সংলাপ ও সহযোগিতা বাড়ানোও সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।

২০২৫ সালে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনব্যাপী সংঘাত ছড়িয়ে পড়ে।

ভারত ওই হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে অভিযোগ করে। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে। পরে দুই দেশের মধ্যে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলন্দাজ অস্ত্রের ব্যাপক পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এতে উভয় দেশের অন্তত ৭০ জন নিহত হন।

পাকিস্তানের মন্ত্রী মালিকের এই সফরের মাত্র দুই দিন আগে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর-ই-তৈয়বার কমান্ডার লতিফ ভাট নিহত হন। জাতিসংঘের তালিকায় সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত লস্কর-ই-তৈয়বা’কে পাকিস্তানভিত্তিক সংগঠন বলে দাবি করে ভারত।

দুই দেশের বৈরিতার প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। চলতি বছর ভারতে আয়োজিত একটি এশীয় হকি টুর্নামেন্ট থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে নিজেদের জাতীয় দল প্রত্যাহার করে নেয় পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```