চট্টগ্রামে নিজ বাড়িতে ছুরিকাঘাতে শীর্ষ মাদক ব্যবসায়ী সোবহান খুন
আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি । সবার সংবাদ:
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সোবহান (৩০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বাকলিয়ার তক্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন সোবহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক। নিহত সোবহান তক্তারপুল এলাকার নুর ইসলামের ছেলে। রাত ১টার দিকে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলমও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোবহানের বিরুদ্ধে অতীতে ১৮টি মাদক মামলা ও একটি হত্যা মামলা রয়েছে। এর আগে তক্তারপুল এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণ ও আধিপত্য ধরে রাখতে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার পরিকল্পনার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। ওই হত্যাকাণ্ডে ভাড়াটে খুনি নিয়োগ এবং তাদের বিদেশি পিস্তল ও গুলি সরবরাহের অভিযোগে সে সময় তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
স্থানীয়দের ধারণা, পুরোনো বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এবং কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে বাকলিয়া থানা পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে বলে জানা গেছে।
