Advertisement
নভেম্বর ২২, ২০২৬

চট্টগ্রামে পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

0
2

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি । সবার সংবাদ:

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকা থেকে পুলিশের সরকারি টহল গাড়ি চুরির ঘটনায় রুবেল (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির কয়েক ঘণ্টার মধ্যেই কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে হালিশহর থানার মোবাইল-৪২ টহল দলের সদস্যরা ছোটপুল এলাকায় পুলিশ লাইন্সের পাশে পুনাক রেস্টুরেন্টের সামনে সরকারি গাড়িটি রেখে খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে তারা গাড়িটি আর সেখানে পাননি।

পরে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুপুর ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাত এক ব্যক্তি গাড়িটি নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া গাড়িটি নীল রঙের টাটা ব্র্যান্ডের সিঙ্গেল কেবিন পিকআপ, যার নম্বর সিএমপি-১৮০।

পুলিশ কন্ট্রোল রুমের সমন্বয়ে নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার করা হয়। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, নাশকতার উদ্দেশ্যে গাড়িটি চুরি করা হয়েছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্য জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```