জমি নিয়ে বিরোধে হিজলায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪
হিজলা (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে আহত বেলাল আখনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব কোড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি জমি নিয়ে জয়নাল দেওয়ান, খলিল দেওয়ান ও নাঈম দেওয়ানদের সঙ্গে বেলাল আখন ও তাঁর বোন রোজিনা আখনের বিরোধ চলছিল। বিরোধটি স্থানীয়ভাবে মীমাংসার জন্য শালিস বৈঠকও করা হয়েছিল। তবে এতে কোনো সমাধান হয়নি বলে জানা গেছে।
এরই মধ্যে বিরোধপূর্ণ জমিতে দেওয়া নেটের বেড়া ভেঙে ফেলা এবং ছোট ছোট চারা গাছ উপড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারি শুরু হয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে উভয় পক্ষের লোকজন একে অপরকে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনায় উভয় পক্ষের চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বেলাল আখনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পর উভয় পক্ষই আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।
