Advertisement
নভেম্বর ২২, ২০২৬

জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

0
1

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালে ভুল অস্ত্রোপচারের অভিযোগে দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলামকে প্রধান করে ৫সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জামালপুর স্বাস্থ্য প্রশাসন।

কমিটির অন্য সদস্যরা হলেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. রাশেদা পারভীন, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. দেলোয়ার হোসেন, চিকিৎসা কর্মকর্তা ডা. রোকসানা আক্তার এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনিছুর রহমান। কমিটিকে সরেজমিন তদন্ত করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সিভিল সার্জন ডা. আজিজুল হক জানান, কমিটির সদস্যদের কাছে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে তদন্ত শুরু করবেন তাঁরা।

মামলার অভিযোগ অনুযায়ী, জামালপুর সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার সাবেরী শারমিন ২০ জানুয়ারি তলপেটে ব্যথা নিয়ে এম. এ. রশীদ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক তাঁকে জানান, তাঁর ডিম্বনালী ও ডিম্বাশয়ে সংক্রমণ রয়েছে এবং ডান ডিম্বাশয়ে রক্তভর্তি সিস্ট হয়েছে। পরে ২৯ জানুয়ারি হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. সাবরিনা বরকত ও জেনারেল সার্জন ডা. মোহাম্মদ হারুন অর রশীদের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার করা হয়। রোগী ও স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের আগে তাঁদের অনুমতি ছাড়াই রোগীর জরায়ু ও ডিম্বাশয়ের অংশ কেটে ফেলা হয়। তবে সেগুলো পুরোপুরি অপসারণ না করায় কিছু অংশ শরীরে থেকে যায়। এ ছাড়া অস্ত্রোপচারের সময় পেটের তিন জায়গায় নাড়ি ছিদ্র হয়ে যায়। এতে তাঁর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে বলে অভিযোগ করা হয়েছে। অবস্থার অবনতি হলে ৪ ফেব্রুয়ারি স্বজনেরা তাঁকে ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে নিয়ে যান।

পরদিন সেখানে তাঁর দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়। স্বজনদের দাবি, ওই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা আগের অস্ত্রোপচারে ত্রুটি থাকার বিষয়টি নিশ্চিত করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য ২২ ফেব্রুয়ারি তাঁকে ভারতের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে তৃতীয়বার অস্ত্রোপচার করা হয়। কয়েক দিন পর্যবেক্ষণে রাখার পর ২০ জুন একই হাসপাতালে তাঁর চতুর্থবার অস্ত্রোপচার করা হয়।

রোগী ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, এম. এ. রশীদ হাসপাতালে চিকিৎসার জন্য এক লাখ ৮৬ হাজার টাকা এবং পরবর্তী সময়ে দেশে ও বিদেশে চিকিৎসা বাবদ মোট প্রায় ৫০ লাখ টাকা খরচ হয়েছে। চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরে সাবেরী শারমিন অভিযুক্ত দুই চিকিৎসকের বিরুদ্ধে ভুল অস্ত্রোপচারের অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সিভিল সার্জনকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```