Advertisement
নভেম্বর ২২, ২০২৬

প্রাতিষ্ঠানিক ডিগ্রির চেয়ে বিবেক ও মনুষ্যত্ব বড়, কার উদ্দেশে রিজভীর বার্তা

0
rizbi

সবার সংবাদ ডেস্ক:

কেবল মুখস্থবিদ্যার মাধ্যমে পরীক্ষায় পাস কিংবা ডিগ্রির সনদ অর্জনই প্রকৃত শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। 

তিনি বলেছেন, শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সমন্বয় ঘটলেই তা প্রকৃত জ্ঞানে পরিণত হয়। প্রকৃত শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং প্রতিটি শিক্ষার্থীর হৃদয় ও গৃহে আনন্দের প্রদীপ জ্বালায়।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবাগত ছাত্রীদের অভিনন্দন জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূরদৃষ্টি বা ‘ভিশন’ তৈরি করে। এই ভিশন হলো দেখার এমন এক শিল্পকলা, যা সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরে গিয়ে অনেক দূর পর্যন্ত দেখার ক্ষমতা তৈরি করে।

তিনি বলেন, চাকরি ও আর্থিক উপার্জনের জন্য ডিগ্রির প্রয়োজন আছে। কিন্তু একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার অন্তর্নিহিত তাগিদ হৃদয়ে ধারণ করতে হবে। যে শিক্ষা শিক্ষার্থীর মনে আনন্দ তৈরি করতে পারে না, তা কখনোই প্রকৃত শিক্ষা হতে পারে না।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রজীবনে প্রতিযোগিতায় ভালো করার জন্য কিছুটা ‘ইগো’ বা জেদ থাকা ভালো। তবে তা স্থায়ী করা যাবে না। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পর সেই ইগো হালকা করে নিজেকে ‘সেলফ-রেসপেক্ট’ বা আত্মসম্মানের দিকে নিয়ে যেতে হবে।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণা করে রিজভী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে ভর্তির সময় তাদেরও এভাবে নবীনবরণ করা হয়েছিল। সময়ের স্রোতে পদ্মা-বুড়িগঙ্গায় অনেক জল গড়িয়েছে, কিন্তু সংস্কৃতির চিরায়ত ধারা থেমে থাকেনি।

দার্শনিক মাওলানা রুমির উদ্ধৃতি দিয়ে রুহুল কবির রিজভী বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনার ডানা লুকিয়ে থাকে। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমেই সেই ডানা প্রসারিত করে আকাশে ওড়ার কৌশল আয়ত্ত করতে হয়। 

কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ফরহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং বসিলা হাইস্কুলের সভাপতি মো. সোহেল রহমান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```