ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত চলা এ যানজটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বিশেষ করে বিদেশগামী যাত্রীরা পড়েছেন বিপাকে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের গজারিয়ার বাউশিয়া পাখির মোড় থেকে জামালদী মেঘনা সেতু পর্যন্ত ঢাকামুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা অনেক যাত্রী বাস থেকে নেমে অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ বাধ্য হয়ে হেঁটেও রওনা দেন। সংশ্লিষ্ট
সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়। দিন দিন গর্তটি বড় হয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলে শুক্রবার বেলা ১১টার দিকে সড়ক বিভাগ সেখানে সংস্কার কাজ শুরু করে। এ সময় মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অপর লেন দিয়ে যানবাহন চলাচল করানো হয়। এতে যানবাহনের চাপ বাড়তে বাড়তে একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শনিবার সকালেও অতিরিক্ত যানবাহনের চাপ এক লেন দিয়ে পার হতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এর প্রভাব পড়ে গজারিয়ার বাউশিয়া পাখির মোড় পর্যন্ত। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।
যানজটে আটকে থাকা তিশা পরিবহনের চালক কামরুল ইসলাম বলেন, শুক্রবার মধ্যরাত থেকে যানজটে আটকে আছি। যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় আটকে থাকা যাত্রী সাইফুল ইসলাম বলেন, ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে গেলেও আমরা একই জায়গায় আটকে আছি। কী কারণে এত দীর্ঘ যানজট, তা অনেক যাত্রীরই জানা নেই।
ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আহমেদ বলেন, আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কারকাজের কারণে মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ও যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল নিরবচ্ছিন্ন ভাবে কাজ করছে।
