Advertisement
নভেম্বর ২২, ২০২৬

দলের নেতাকর্মীদের সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী

0
img-20261012-wa0023-20261012140402-mv51j1jdfaqst40-20261012152316

সবার সংবাদ ডেস্ক:

দলের নেতাকর্মীদের সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, রাজনীতি রাতারাতি বড়লোক হওয়ার জন্য নয়। সার ও ঠিকাদারির কাজ পাওয়ার জন্য দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামকে বিকিয়ে দিলে বড় অর্জন সম্ভব হবে না।

সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, কে কী পেলেন বা পেলেন না, তা নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। দীর্ঘ ১৭ বছর পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। তারেক রহমান দিনরাত পরিশ্রম করে দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। বিশেষ করে ডিজেল আমদানি ব্যাহত হওয়ায় কৃষিকাজ নিয়ে উদ্বেগ রয়েছে। সামনে শীতকালীন শাকসবজি, রবিশস্য, ডাল ও চৈতালি ফসল উৎপাদনের জন্য ডিজেল অত্যন্ত জরুরি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জ্বালানি সংকটে রান্নার চুলা জ্বালানো এবং কলকারখানা চালু রাখা কঠিন হয়ে পড়েছিল। এখন ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

তিনি বলেন, সরকারের ভাবমূর্তি ভালো রাখা এবং নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনার ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে হবে। সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। দলীয় নেতাকর্মীদেরও তাদের সহযোগিতা করতে হবে। সংসদ সদস্যদের সুখে-দুঃখে মানুষের পাশে থাকতে হবে।

লুটপাটের রাজনীতির পুনরাবৃত্তি না করার আহ্বান

রিজভী বলেন, সাধারণ ভোটারদের কাছে বিএনপির নেতাকর্মীদের সহনশীল আচরণের দৃষ্টান্ত তুলে ধরতে হবে। অতীতের ফ্যাসিবাদী শাসনামলের মতো আচরণ করা যাবে না। ওই সময় মানুষের টাকা লুট করা, জমি দখল করা, গোয়ালঘরের গরু ও পুকুরের মাছ পর্যন্ত নিয়ে যাওয়ার অভিযোগ ছিল। সেই লুটপাটের পুনরাবৃত্তি বিএনপি করবে না।

বিএনপির অঙ্গীকার শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা উল্লেখ করে তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীরাও সরকারের অংশ। তাদের সহিষ্ণুতার সঙ্গে কাজ করতে হবে এবং দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

রিজভী বলেন, নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র থেমে নেই। এ পরিস্থিতিতে প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে এবং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

স্মরণসভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য ফজলুল হক মিলন। এ সময় বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, সংসদ সদস্য মো. মজিবুর রহমান, বিএনপির গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপি নেতা মো. জেড খান রিয়াজ উদ্দিন নসু, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, হুমায়ুন কবীর খান ও ওমর ফারুক সাফিনসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```