পাচারকৃত সম্পদ দেশে ফেরাতে অগ্রগতির দাবি টাস্কফোর্সের
অর্থনীতি ডেস্ক । সবার সংবাদ:
বাংলাদেশ ব্যাংকের ‘স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্স’-এর উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রচেষ্টায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ।
তিনি বলেন, ‘অগ্রাধিকারপ্রাপ্ত ছয়টি মামলার মধ্যে তিনটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এসব অবৈধ অর্থ পুনরুদ্ধারের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আইনি প্রস্তুতি ও আন্তর্জাতিক সমন্বয় জোরদারে টাস্কফোর্স উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’
আজ রাজধানীতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফরহানুল গনি চৌধুরী এসব কথা বলেন।
ফরহানুল গনি চৌধুরী বলেন, টাস্কফোর্স ছয়টি প্রতিষ্ঠানের বিষয়ে কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে তিনটি মামলার অগ্রগতি সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছে। ফলে পাচার হওয়া অর্থ ফেরত পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
তিনি বলেন, বিদেশে দেওয়ানি আইনি কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণ প্রস্তুত ও পর্যালোচনার মাধ্যমে এ অগ্রগতি সম্ভব হয়েছে। ছয়টি মামলার মধ্যে প্রথম দুটি মামলার জন্য প্রস্তুত করা নথিপত্র সম্পর্কে বিদেশি আইনজীবী প্রতিষ্ঠানগুলো ইতিবাচক মূল্যায়ন দিয়েছে।
তিনি আরও বলেন, এসব নথিপত্রের মধ্যে রয়েছে ঋণ চুক্তি, খেলাপি ঋণের নথিপত্র, ক্রয় সংক্রান্ত কাগজপত্র এবং ব্যক্তিগত গ্যারান্টি। এগুলো ব্যবহার করে অবৈধ লেনদেনের পথ খুঁজে বের করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পদ শনাক্ত করার চেষ্টা চলছে।
ফরহানুল গনি চৌধুরী বলেন, বিভিন্ন দেশের আইনি প্রক্রিয়া সম্পর্কেও টাস্কফোর্স অভিজ্ঞতা অর্জন করছে। বিদেশি কর্তৃপক্ষের সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট দেশভিত্তিক পারস্পরিক আইনি সহায়তার অনুরোধপত্র (এমএলএআর) প্রস্তুত করা হচ্ছে।
তিনি বলেন, যেসব দেশে সম্পদ স্থানান্তর করা হয়েছে সেগুলো শনাক্ত করা এবং তা জব্দ করার জন্য আদালতের আদেশ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ, যারা অর্থ পাচারের সঙ্গে জড়িত, তারা প্রায়ই লেনদেনের একাধিক স্তর তৈরি করে এবং মালিকানার তথ্য গোপন রাখে, যার ফলে অর্থ খুঁজে বের করা বা পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়ে।
তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় সময়ের প্রয়োজন হয়, কারণ প্রতিটি দেশের নিজস্ব আইনি বাধ্যবাধকতা ও নিয়মকানুন রয়েছে। অভ্যন্তরীণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বিলম্ব এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অনুরোধ পাঠাতে দেরি হওয়ার বিষয়টি কাজের গতিকে প্রভাবিত করেছে বলে জানান তিনি।
তিনি বলেন, টাস্কফোর্স তাদের কার্যক্রমের দ্বিতীয় পর্যায় সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে, যার আওতায় এমন ৪০টি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হবে, যার প্রতিটির খেলাপি ঋণের পরিমাণ ২০০ কোটি টাকার বেশি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ভবিষ্যতে অর্থ পাচার প্রতিরোধে নজরদারি জোরদার করছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কোনো ব্যক্তির অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা বৈধ ব্যবসায়িক কার্যক্রম যেন অযথা ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা হচ্ছে।
তিনি বলেন, বৈধ ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত না করে অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনাই কর্তৃপক্ষের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, বিদেশি বিচার ব্যবস্থার আওতায় সম্পদ পুনরুদ্ধারের মামলা পরিচালনায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগানো হচ্ছে। পাশাপাশি এ ধরনের মামলা পরিচালনার জন্য প্রয়োজনীয় আইনি ও আর্থিক ব্যবস্থাপনা নিয়েও কাজ চলছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মাহবুব আলম উপস্থিত ছিলেন।
