Advertisement
নভেম্বর ২৩, ২০২৬

প্রশ্নফাঁস নিয়ে বিতর্ক, ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি

0
ncp-2610110737 (1)

সবার সংবাদ ডেস্ক:

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল মো. আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি।

সেই সঙ্গে প্রশ্নফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত এবং নিয়োগে মেধার মূল্যায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।

রবিবার (১১ অক্টোবর) রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি আয়োজন করে জাতীয় যুবশক্তি। সেখান থেকে পাঁচ দফা দাবি জানানো হয়।

কর্মসূচিতে জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ বলেন, আমাদের সন্দেহ হয়, এবার হয়তো ভাগবাটোয়ারায় গণ্ডগোল লেগেছিল। এজন্য কেউ প্রশ্নপত্র ফাঁসের খবর প্রকাশ করেছে। অন্যথায় ঘটনাটি সামনে আসত না।

তিনি বলেন, ২৪২টি পদের বিপরীতে ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছেন, যা দেশের চাকরির বাজারের সংকটের চিত্র তুলে ধরে। এ পরিস্থিতিতে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত না করে কোটা, ভাইভায় অতিরিক্ত নম্বর এবং রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রিফাত রশিদ বলেন, যুবসমাজের পেটে লাথি দিয়ে তাদের সঙ্গে খেলবেন না। যুবসমাজ কোনো ফুটবল নয়, যে লাথি মারবেন আর তারা চুপচাপ সহ্য করবে। যুবসমাজের কর্মসংস্থান ও ন্যায্য অধিকার নিয়ে ছিনিমিনি না খেলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল বলেন, বিএনপি আওয়ামী লীগের মতো হওয়ার চেষ্টা করছে। রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে দলীয়করণ এবং অকার্যকর করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের যুবসমাজ বারবার বঞ্চিত হয়েছে, বারবার তাদের নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। বিএনপি আবার নতুন খেলায় লিপ্ত হয়েছে।

ফরহাদ সোহেল অভিযোগ করেন, এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সুযোগ তৈরি করা হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রীর নিয়োগের ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম বলেন, সরকার তরুণদের কর্মসংস্থান নিয়ে কোনো কার্যকর পরিকল্পনা দেখাতে পারেনি। এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতির পরিবর্তে এক কোটি চাঁদাবাজ তৈরির অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, যুব উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচি থাকলেও সরকার ক্ষমতায় আসার পর সেগুলো সচল করার কার্যকর উদ্যোগ দেখা যায়নি। অভিযোগ করেন, চাকরি ও কর্মসংস্থানের সুযোগ পেতে তরুণদের রাজনৈতিক পরিচয়ের ওপর নির্ভর করতে হচ্ছে।

তারিকুল ইসলাম বলেন, প্রশ্নফাঁসের তথ্য পরীক্ষার আগের রাতে সামনে এলেও সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। এতে নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী আমিনুল ইসলামের পদত্যাগ দাবি করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের তরুণরা তাদের ন্যায্য হিস্যা কোনো রাজনৈতিক দল আদায় করে দেয়নি; আমরা রাজপথে নেমে সবসময় আমাদের ন্যায্য হিস্যা আদায় করেছি।

ঘেরাও কর্মসূচি থেকে জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম পাঁচ দফা দাবি ঘোষণা করেন। সেগুলো হলো- যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুলের পদত্যাগ; প্রশ্নফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা; নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা; ভেরিফিকেশনের নামে হয়রানি এবং ভাইভার নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা; বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```