বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তদের হামলা, কুপিয়ে ছিনতাই
চট্টগ্রাম প্রতিনিধি । সবার সংবাদ:
চট্টগ্রামের পটিয়ায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মো. ফোরকান (২৯) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত মধ্যরাতে পৌর সদরের ইন্দ্রপুল এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যবসায়ী গুরুতর আহত হন। আহত ব্যবসায়ী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের হাফেজ মো. আবুজাফরের ছেলে এবং পৌর সদরের মুন্সেফ বাজার এলাকায় শাহগদী এন্টারপ্রাইজ নামে একটি মুদি দোকানের মালিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন ফোরকান। রাত আনুমানিক ১২টার দিকে ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে ৪-৫ জন অজ্ঞাত যুবক তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে তার সঙ্গে থাকা ৫৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত ফোরকানের আত্মীয় মোহাম্মদ তানভীর জানান, পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে, নাকি এটি ছিনতাইয়ের ঘটনা তা তদন্ত করে বের করা প্রয়োজন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ভুক্তভোগীর পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে
