বিআরটিএ কার্যালয়ে অভিযান: দুই দালালের কারাদণ্ড, ১২ যানবাহনকে জরিমানা
আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের একজনকে দুই মাস এবং অপরজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকায় বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ আদালত-১২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা। দণ্ডপ্রাপ্তরা হলেন—হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী গ্রামের মাহাবুবুল আলমের ছেলে মো. রহিম (৪৬) এবং তৈয়বিয়া পাড়া গ্রামের মাহাবু আলমের ছেলে কায়সার আহমদ মুন্না (৩২)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা জানান, বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে রহিমকে দুই মাস এবং কায়সার আহমদ মুন্নাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে একই দিনে নগরীর বায়েজিদ লিংক রোড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন অমান্যের দায়ে ১২টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
