Advertisement
নভেম্বর ২২, ২০২৬

রাঙামাটির রাজস্থলীতে খেলনা পিস্তল দেখিয়ে চুরি, গণপিটুনিতে যুবকের মৃত্যু

0
5

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি । সবার সংবাদ:

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে মো. রফিক (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রফিক বাঙ্গালহালিয়ার আবাসিক মুসলিম পাড়ার বাসিন্দা। তিনি মৃত আব্দুল জলিলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়া এলাকায় ভেনটিস মিশন হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রী হেনা ত্রিপুরাকে খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ঘরের আলমারি থেকে নগদ দুই লাখ টাকা ও আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের তিনটি স্বর্ণের আংটি নিয়ে যায় দুই ব্যক্তি।

হেনা ত্রিপুরার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে মো. রফিককে দুটি স্বর্ণের আংটিসহ আটক করেন। তবে তার সঙ্গে থাকা মো. আকাশ (২৪) নামে অপর ব্যক্তি একটি স্বর্ণের আংটি ও নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

পলাতক আকাশের বাড়ি একই ইউনিয়নের সুফিপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ আলী করিম। পুলিশ সূত্রে জানা গেছে, আকাশের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় পূর্বের একটি চুরির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এদিকে রফিককে আটকের পর স্থানীয় লোকজন মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে চন্দ্রঘোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে ওই যুবককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের জানান, বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন আটক ব্যক্তিকে গণপিটুনি দেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```