Advertisement
নভেম্বর ১১, ২০২৬

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, আটকা সহস্রাধিক পর্যটক

0
1

চট্টগ্রাম প্রতিনিধি, আব্দুল আজিজ:

রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকাল থেকে সাজেক-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ থাকায় সহস্রাধিক পর্যটক আটকা পড়েছেন। নতুন করে পর্যটকদের সাজেকে প্রবেশ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও গণ অধিকার রক্ষা কমিটির ডাকে এ অবরোধ চলছে। শনিবার (১০ অক্টোবর) সংগঠনটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে গঙ্গারাম উঁচাবাজারসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়েছে। এতে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী যান চলাচল বন্ধ রয়েছে।

অবরোধকারীদের অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নাম ব্যবহারকারী একটি সশস্ত্র গোষ্ঠী এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। জড়িতদের গ্রেপ্তার এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

বিজয় কান্তি চাকমা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।

সাজেক পর্যটনকেন্দ্রের লাইনম্যান মো. ইয়াছিন আরাফাত জানান, শনিবার নিরাপত্তা বহরের সঙ্গে শতাধিক যানবাহনে সহস্রাধিক পর্যটক সাজেকে প্রবেশ করেন।

সাজেক কটেজ মালিক সমিতির সহসভাপতি চাই থোয়াই চৌধুরী জয় বলেন, অবরোধের কারণে সকালে পর্যটকেরা সাজেক ছাড়তে পারেননি। সেনাবাহিনীর সহায়তায় দুপুরে তাঁদের বের করে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পর্যটকদের প্রবেশের বিষয়ে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেবে বাঘাইহাট সেনাজোন।

তিনি আরও জানান, বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```