Advertisement
নভেম্বর ২৩, ২০২৬

ঠাকুরগাঁও উপনির্বাচনের পরিস্থিতি নিয়ে যা বললেন ইসি সচিব

0
111111-2610281111 (1)

সবার সংবাদ ডেস্ক:

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে পরিবেশ রয়েছে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্রের সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কমিশন।

বুধবার (২৮ অক্টোবর) আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ইসি সচিব জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন পর্যবেক্ষণে আগের নির্বাচনগুলোর ধারাবাহিকতায় একই ধরনের নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন এবং পরবর্তী সময়ে শেরপুর ও বগুড়ার দুটি উপনির্বাচনেও একই ধরনের ব্যবস্থা ছিল। সেই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্র পর্যবেক্ষণে বিশেষ নজরদারি চালানো হবে।

আখতার আহমেদ বলেন, বিজিবি, এসআরবি ও পুলিশের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। বডি ক্যামেরার পাশাপাশি বিজিবি ও পুলিশের ক্যামেরা এবং বিজিবির ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হবে। নির্বাচন ভবন থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

নির্বাচন ঘিরে বিভিন্ন অভিযোগ এবং সেগুলোর ভিত্তিতে আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কোনো অভিযোগকেই ছোট করে দেখার সুযোগ নেই। অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনমূলক অবস্থানও নিতে চান না তিনি। বিভিন্ন গণমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশিত খবর পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। 

আখতার আহমেদ বলেন, প্রতিটি খবরের মধ্যেই কোনো না কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। সেই তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কমিশনের দায়িত্ব। এসব তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া গেলে নির্বাচন আরও ভালোভাবে পরিচালনা করা সম্ভব হবে।

নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগের সত্যতা প্রসঙ্গে তিনি বলেন, ভোটের দিন পরিস্থিতি পর্যবেক্ষণের পর কোন অভিযোগ সঠিক, আর কোনটিতে ত্রুটি রয়েছে, তা বোঝা যাবে। এ জন্য ভোট গ্রহণ শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি।

ঠাকুরগাঁও-১ আসনে সব শ্রেণির ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সে ধরনের পরিবেশ রয়েছে। এ বিষয়ে তিনি ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এখনো পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ আমরা পাইনি এবং ইনশাল্লাহ পাবো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```