হজযাত্রীদের জন্য সুখবর, ফেরত এলো আটকে থাকা ১০ কোটি টাকা
সবার সংবাদ ডেস্ক:
২০২৬ সালের হজ মৌসুমে ইন্স্যুরেন্স কাভারেজের বাইরে চিকিৎসা ব্যয়ের কথা বলে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর কেটে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল সফলভাবে ফেরত আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
আগামী বছর (২০২৭ সাল) হজে বাংলাদেশের জন্য আরো ২০ হাজার কোটা বাড়ানোর আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
সৌদি আরবে আটকে থাকা হজযাত্রীদের চিকিৎসা ব্যয় ফেরত নিয়ে রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।
কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জানান, হজযাত্রীদের আর্থিক স্বার্থ রক্ষা এবং দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। ফেরত পাওয়া ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১০ কোটি ২৩ লাখ টাকা। এটি প্রমাণ করে যে, তারেক রহমানের সরকার দেশের নাগরিকদের অধিকার ও আর্থিক স্বার্থ রক্ষায় আন্তরিকভাবে কাজ করছে।
“আমাদের সরকারের মূল অঙ্গীকার হলো দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা এবং জাতীয় স্বার্থ সুরক্ষা করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করার জন্য কাজ করে যাচ্ছে।”
এরই অংশ হিসেবে হজ্জ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে হজযাত্রীদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে, জানান তিনি।
ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ মৌসুমে মোট ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি কর্তৃপক্ষ সর্বমোট ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল কেটে সংরক্ষণ করেছিল। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সির মাধ্যমে আগত ৩১০ জন হজযাত্রীর বিপরীতে ২৬ লাখ ৭৬ হাজার ৯৫১ সৌদি রিয়াল কেটে রাখা হয়েছিল।
সরকারি ব্যবস্থাপনায় আগত ৩০ জন হজযাত্রীর বিপরীতে ৪ লাখ ১৪ হাজার ২৯২ সৌদি রিয়াল কেটে রাখা হয়েছিল। বিষয়টি জানার পর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনায় বাংলাদেশে হজ অফিস, জেদ্দা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিষয়টি নিয়ে কাজ শুরু করে। একাধিকবার যোগাযোগ, তথ্য যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে অর্থ ফেরত পাওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।
পূর্ববর্তী হজ মৌসুমগুলোতে এ ধরনের অর্থ কর্তনের কোনো নজির ছিল না উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথ তথ্য ও যুক্তিসহ তুলে ধরা হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ হজ অফিস, জেদ্দার আন্তরিক প্রচেষ্টা, দূরদর্শী ভূমিকা এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে চমৎকার কূটনৈতিক সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ফলে শেষ পর্যন্ত এই অর্থ ফেরত পাওয়া সম্ভব হয়েছে। গত ২৬ অক্টোবর বাংলাদেশ হজ অফিস, জেদ্দার ‘নুসুক’ সিস্টেমে সম্পূর্ণ অর্থ ফেরত জমা হয়েছে। এজন্য বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই পবিত্র দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের হজযাত্রীদের কল্যাণে রাজকীয় সৌদি সরকারের আন্তরিক সহযোগিতার জন্য। বিশেষ করে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইতিবাচক মনোভাব, আন্তরিকতা ও সহযোগিতা আমাদের এই উদ্যোগকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
“আমরা আশা করি, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে,” বলেন মন্ত্রী।
তিনি জানান, হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবে ২০২৬ সালের পবিত্র হজের উদ্বৃত্ত অর্থ থেকে ৪ হাজার ৩৪১ জন হজযাত্রীকে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ৯৪ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়েছে।
২০ হাজার কোটা বাড়ানোর আবেদন
২০২৭ সাল হজে বাংলাদেশের জন্য আরো ২০ হাজার কোটা বাড়ানোর আবেদন করা হয়েছে জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রী বাড়ানোর ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে চিঠি লিখেছি এবং কথা বলেছি। মন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং এখানকার যে সৌদি অ্যাম্বাসেডর আছেন তার আমাদের সম্পর্কে যে ফিলিংস, কোনো কিছু বললে তিনি এটাকে এমনভাবে সিরিয়াসলি নেন, যেটা আগে কখনো নেয়নি। এটাই আমাদের জন্য বিরাট সৌভাগ্যের বিষয়।
“কোটার মালিক আল্লাহ। আল্লাহ যা চান, তাই হবে। আমরা চেষ্টা করছি, করার মালিক আল্লাহ। তবে সৌদি মন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন, তিনি চেষ্টা করবেন। আমাকে আশ্বাস দিয়েছেন, তিনি চেষ্টা করবেন। কারণ তারা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত আন্তরিক। বিগত সফরে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সহকারী মন্ত্রী এবং সৌদি আরবে আমাদের যিনি রাষ্ট্রদূত আছেন, তার সঙ্গে আমাদের অনলাইনে কনফারেন্স মিটিং হয়েছে। সেখানে তারা আশ্বস্ত করেছেন যে বিষয়টি তারা মাথায় নিয়েছেন এবং চেষ্টা করছেন,” বলেন মন্ত্রী।
এ সময় ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, “সামনে আমাদের হজ চুক্তিতে মন্ত্রী যাবেন। চুক্তি হওয়ার আগেই ইনশাআল্লাহ এটার (কোটা বাড়ানো) একটা সুরাহা হবে।”
২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা ৭৮ হাজার ৫০০ জন। সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত রয়েছে। এর বাইরে আরও ২০ হাজার হজযাত্রীর কোটা চেয়ে সৌদি সরকারের কাছে আবেদন করা হয়েছে।
হজের প্রস্তুতির বিষয়ে ধর্মমন্ত্রী জানান, এবার মদিনায় বাড়ি ভাড়া তুলনামূলক কম দামে এবং ভালো মানের করা সম্ভব হয়েছে। বিশেষ করে এবার প্রথমবারের মতো সর্বনিম্ন প্যাকেজের সব হজযাত্রীর মদিনায় মসজিদে নববীর কাছাকাছি এলাকায় থাকার ব্যবস্থা করা সম্ভব হয়েছে।
