হিজলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান, অসচ্ছল হিন্দু নারীদের মাঝে শাড়ি বিতরণ
হিজলা(বরিশাল) প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলায় শ্রী শ্রী মহাপ্রভু সেবাশ্রমের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান। এ সময় তিনি অর্থনৈতিকভাবে অসচ্ছল হিন্দু নারীদের মধ্যে উন্নতমানের শাড়ি বিতরণ করেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মণ্ডপ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, “হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলিম—আমরা সবাই এ দেশের নাগরিক। এখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করব।”
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার, উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনসহ উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ। মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
