Advertisement
সেপ্টেম্বর ৭, ২০২৬

জঙ্গল সলিমপুরে ফের যৌথ বাহিনীর অভিযান, সন্দেহজনক স্থানে ব্যাপক তল্লাশি

0
2

ছবি: সবার সংবাদ

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ফের বড় ধরনের অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য আস্তানা, সন্দেহজনক স্থান এবং অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান চালানো হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার আলীনগর ও ছিন্নমূল এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসারের নেতৃত্বে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়েছে বলে জানা গেছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য নিরাপদ আস্তানা হিসেবে চিহ্নিত বিভিন্ন স্থান এবং সন্দেহজনক এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। একই সঙ্গে অপরাধপ্রবণ এলাকাগুলোতেও নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী ও অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া, অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখাই এ অভিযানের মূল উদ্দেশ্য।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সন্ত্রাসী ও অপরাধীদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

জেলা পুলিশ আরও জানিয়েছে, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...