রাঙ্গুনিয়ায় ধান পাহারা দিতে গিয়ে চাষি খুন, কনুই থেকে কাটা দুই হাত
আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে নেজাম উদ্দিন (৫০) নামে এক চাষিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বন্য হাতির কবল থেকে পাকা ধান রক্ষা করতে রাতে ক্ষেতে পাহারা দিতে গিয়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হন বলে জানিয়েছে তার পরিবার। হত্যার পর তার দুই হাত কনুই থেকে কেটে ফেলে রাখা হয়।
বুধবার সকালে খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মীরেরখীল কালিছড়ি ব্রিজসংলগ্ন মাতব্বর বাড়ির পাশে নিজের ক্ষেতের পাকা ধান পাহারা দিতে রাতে বের হয়েছিলেন নেজাম উদ্দিন। সকালে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে সড়কের ওপর বৃষ্টির পানিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় তার দুই হাত কনুই থেকে কাটা ছিল।
নিহত নেজাম উদ্দিন সরফভাটা ইউনিয়নের মীরেরখীল স্লুইস গেট এলাকার রফু মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। চাষাবাদের পাশাপাশি গাছ কাটার কাজ করতেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বলেন, তার ভাই ছিলেন নিরীহ কৃষক ও গাছ কাটার শ্রমিক। কেন তাকে এভাবে হত্যা করা হয়েছে, তা তারা বুঝতে পারছেন না।
স্থানীয়দের দাবি, গত এক মাসে সরফভাটা গ্রামে একাধিক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এর আগে রাতের আঁধারে একটি ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত দুই বছরে রাঙ্গুনিয়ায় ২০টির বেশি খুনের ঘটনা ঘটেছে, যার অর্ধেকেরও বেশি সরফভাটা ইউনিয়নে। সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে মীরেরখীলসহ আশপাশের গ্রামের শত শত পরিবার এলাকা ছেড়েছে বলেও দাবি তাদের। ভুক্তভোগীদের অনেকে মামলা করতে সাহস না পাওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ হত্যাকাণ্ডের পর এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা দ্রুত নিরাপত্তা জোরদার, চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার এবং জঙ্গল সলিমপুরের আদলে সরফভাটায় সাঁড়াশি অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
