সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক ও হেলপারের মৃত্যু, জব্দ দুই গাড়ি
আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ট্রাকচালক ও তাঁর সহকারী (হেলপার) নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পন্থিছিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একইমুখী একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
নিহতরা হলেন, ট্রাকচালক ছালেহ আহম্মেদ সেলিম (৪৬) এবং তাঁর সহকারী মো. সোহরাব (৩৫)।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউদ্দিন জানান, দুর্ঘটনার পর নিহত দুজনকে উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
