ককটেল বিস্ফোরণে কেঁপে উঠল কবি নজরুল কলেজ এলাকা, আহত ১
অনলাইন ডেস্ক । সবার সংবাদ:
রাজধানীর সূত্রাপুর এলাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণে জাহাঙ্গীর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কাজ করেন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
জাহাঙ্গীর ইসলামকে হাসপাতালে নিয়ে আসা আলমগীর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সূত্রাপুর থানা এলাকার কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এসময় কয়েকজন দুষ্কৃতকারী ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে জাহাঙ্গীর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তিনি চোখে ও মাথায় আঘাত পেয়েছেন।
আহত জাহাঙ্গীর ইসলাম বরিশাল জেলার আব্দুল আজিজ আকন্দের ছেলে। তিনি পুরান ঢাকার লালবাগ সমাজকল্যাণ গলির ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, জাহাঙ্গীর মাথায় ও চোখে আঘাত পেয়েছেন, তাকে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করেছি।
