Advertisement
অক্টোবর ২৪, ২০২৬

গজারিয়ায় সরকারি খাস জমি দখলের অভিযোগ

0
14

মোয়াজ্জেম হোসেন জুয়েল, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যক্তি মালিকানাধীন ও সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠেছে এনডিই নামের একটি কোম্পানির বিরুদ্ধে। উপজেলার নতুনচর চাষী এলাকায় জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে ওই জমি নিজেদের সীমানার মধ্যে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ ঘটনায় শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগীসহ স্থানীয় প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজে বাধা দেন। একপর্যায়ে স্থানীয়দের বাধার মুখে কোম্পানির কর্তৃপক্ষ বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। স্থানীয়দের অভিযোগ, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চর জাজিরা ও নতুন বসুরচর মৌজায় এনডিই কোম্পানির উত্তর পাশে জমি সঠিক ভাবে পরিমাপ না করেই ব্যক্তি মালিকানাধীন ও সরকারি খাস জমি বাউন্ডারি দেয়ালের ভেতরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার গুলো। ভুক্তভোগী রাবেয়া বেগম বলেন, কোম্পানি তাদের কেনা জায়গায় কাজ করলে কেউ বাধা দেবে না। কিন্তু রাতের অন্ধকারে সঠিকভাবে পরিমাপ না করে খাস ও ব্যক্তি মালিকানাধীন জায়গায় দেয়াল তোলার অধিকার তাদের কে দিয়েছে? সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলেই সবাই আজ প্রতিবাদে নেমেছে।

অভিযোগের বিষয়ে এনডিই গ্রুপের ভারপ্রাপ্ত ডেপুটি ম্যানেজার মতিউর রহমান জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন,আমরা কারও জমি জোর পূর্বক দখল করিনি। আমাদের ক্রয়কৃত সম্পত্তির নিরাপত্তার স্বার্থেই বাউন্ডারি দেয়াল নির্মাণ করা হচ্ছিল। তবে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। কারও দাবি থাকলে তারা কাগজপত্র নিয়ে আসুক।

প্রমাণ হলে আমরা জায়গা ছেড়ে দেব অথবা আলোচনা সাপেক্ষে উপযুক্ত দাম দিয়ে কিনে নেব। গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি  নকীব আকরাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```