ঢাকা থেকে চুরি করে চট্টগ্রামে আনা ৭০ লাখ টাকার ড্রাম ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩
আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে ঢাকা থেকে চুরি করে আনা প্রায় ৭০ লাখ টাকা মূল্যের একটি ড্রাম ট্রাক উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ট্রাকটি বিভিন্ন অংশে খুলে যন্ত্রাংশ হিসেবে বিক্রির পরিকল্পনা করেছিল চোর চক্রের সদস্যরা। এ ঘটনায় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) নগরের পাঁচলাইশ ও পাহাড়তলী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শওকত আলী (৪২), আবু তৈয়ব আলী (২৯) ও আব্বাস উদ্দিন প্রকাশ আবু মেস্ত্রী (৫৮)। তাদের মধ্যে শওকত আলী ও আবু তৈয়ব আলীকে পাঁচলাইশ এলাকা থেকে এবং আব্বাস উদ্দিনকে পাহাড়তলীর সাগরিকা সেনবাড়ি রোডের একটি গ্যারেজ থেকে গ্রেপ্তার করা হয়।
সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) শেখ শরীফুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আবু মেস্ত্রীর গ্যারেজে অভিযান চালিয়ে নম্বরবিহীন একটি আইচার ড্রাম ট্রাক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শওকত আলীর প্ররোচনায় গত ২৫ অক্টোবর আবু তৈয়ব ঢাকা থেকে ট্রাকটি চুরি করেন। পরে শওকতের পাঠানো একটি রোবট গাড়ির মাধ্যমে সেটি চট্টগ্রামে আনা হয়। এরপর বিক্রির উদ্দেশ্যে ট্রাকটি শওকতের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, ট্রাকটি বিভিন্ন খণ্ডাংশে খুলে যন্ত্রাংশ হিসেবে বিক্রির পরিকল্পনা ছিল। এ উদ্দেশ্যে সেটি আব্বাস উদ্দিনের গ্যারেজে রাখা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে সেগুলো খুলে যন্ত্রাংশ হিসেবে বিক্রি করে আসছিলেন।
উদ্ধার করা ট্রাকটির মডেল আইচার টেরা-২৫। এ চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
