Advertisement
নভেম্বর ২২, ২০২৬

এসির ওপর নির্ভরতা কমাতে নতুন প্রযুক্তির সন্ধানে সিঙ্গাপুর

0
5 (4)

আন্তর্জাতিক ডেস্ক:

‘শীতাতপনিয়ন্ত্রিত দেশ’ হিসেবে পরিচিত সিঙ্গাপুর বিদ্যুৎ-সাশ্রয়ী শীতলীকরণ ব্যবস্থার বিকল্প খুঁজতে বিভিন্ন প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। এর মধ্যে রয়েছে শীতলীকরণ কয়েলযুক্ত বিম, প্রাকৃতিক বায়ুপ্রবাহনির্ভর শীতলীকরণ এবং অন্যান্য প্রযুক্তি, যেগুলোর লক্ষ্য বিদ্যুৎ-নিবিড় এয়ার কন্ডিশনারের ওপর নির্ভরতা কমানো।

সিঙ্গাপুর থেকে এএেফপি জানায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরে মাথাপিছু এয়ার কন্ডিশনার ব্যবহারের হার সবচেয়ে বেশি। দেশটির প্রায় ৯৯ শতাংশ ব্যক্তিমালিকানাধীন আবাসিক ভবনে শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে।


গবেষণা অনুযায়ী, সিঙ্গাপুরের মোট কার্বন নিঃসরণের এক-পঞ্চমাংশের জন্য স্থানীয় ভবন খাত দায়ী। অন্যদিকে, একটি ভবনের মোট বিদ্যুৎ ব্যবহারের ৪০ থেকে ৬০ শতাংশ ব্যয় হয় শীতলীকরণে।

বিখ্যাত অর্চার্ড রোড ধরে হাঁটলেই শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর দেশটির নির্ভরতার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। দোকানের দরজা খুলতেই ভেতরের শীতল বাতাস রাস্তায় ছড়িয়ে পড়ে, যা ক্রেতাদের আকৃষ্ট করে। সিঙ্গাপুরে সারা বছর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় এই শীতল বাতাস বিশেষ স্বস্তি দেয়।

তবে এয়ার কন্ডিশনার ব্যবহারের ফলে তাপের সমস্যা আরও বাড়তে পারে। যন্ত্রের কম্প্রেসর থেকে নির্গত গরম বাতাস পরিবেশের তাপমাত্রা বাড়ায়। এ ছাড়া এসব যন্ত্র চালাতে ব্যবহৃত বিদ্যুৎ জীবাশ্ম জ্বালানি থেকে উৎপাদিত হলে তা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়াতে পারে।

বিকল্প শীতলীকরণ প্রযুক্তি

সিঙ্গাপুরের কয়েকটি ভবনে প্রচলিত এয়ার কন্ডিশনারের বিকল্প হিসেবে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর একটি হলো ‘অ্যাকটিভ চিলড বিম’ (এসিবি)। এতে ছিদ্রযুক্ত প্যানেলের মধ্যে শীতলীকরণ কয়েল থাকে, যা ভবনের ছাদে স্থাপন করা হয়।

ভবনের ওপরের তলায় থাকা একটি শীতলীকরণ কেন্দ্রে পানি ৯ ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করা হয়। এরপর পাম্পের মাধ্যমে সেই পানি কয়েলের মধ্যে প্রবাহিত করা হয়। একই সময়ে বিমের ভেতরে থাকা ছোট ছোট নজলের মাধ্যমে বাতাস প্রবাহিত করা হয়।

এই বায়ুপ্রবাহের ফলে নিম্নচাপের একটি অঞ্চল তৈরি হয়, যা নিচের কক্ষের অপেক্ষাকৃত উষ্ণ বাতাসকে টেনে নেয়। বাতাসটি শীতলীকরণ কয়েলের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ঠান্ডা হয় এবং পরে আবার কক্ষে ছড়িয়ে পড়ে।

এই প্রযুক্তির মাধ্যমে সিঙ্গাপুরের পূর্বাঞ্চলে অবস্থিত আটতলা ‘পায়া লেবার গ্রিন’ ভবনের অফিসকক্ষের তাপমাত্রা আরামদায়ক ২৪ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। ভবনটিকে সিঙ্গাপুরের অন্যতম পরিবেশবান্ধব স্থাপনা হিসেবে বর্ণনা করা হয়।

এএফপির একটি প্রতিনিধি দল ভবনটি পরিদর্শনকালে ছাদের মসৃণ সাদা প্যানেলগুলো থেকে প্রবাহিত শীতল বাতাস অনুভব করে। প্রচলিত এয়ার কন্ডিশনারের মতো একটানা যান্ত্রিক শব্দও এ ব্যবস্থায় শোনা যায় না।

মানবসম্পদ পেশাজীবী রেনুগা শেখর গত বছরের নভেম্বরে পায়া লেবার গ্রিনের একটি অফিসে কাজ শুরু করেন। ৩০ বছর বয়সী রেনুগা ও তাঁর সহকর্মীরা প্রথমে ছাদের খোলা পাইপ ও প্যানেল দেখে ভেবেছিলেন, জায়গাটির সাজসজ্জা অনেকটা গুদামের মতো।

তিনি এএফপিকে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে তেমন কিছু ভাবিনি। কেউ এ নিয়ে মন্তব্যও করেননি।’

কয়েক মাস পর তারা অফিসের অস্বাভাবিক নীরবতা লক্ষ করেন। রক্ষণাবেক্ষণের সময় প্রযুক্তিবিদদের মুখে ‘এসিবি’ শব্দটি শোনার পর তারা জানতে পারেন, অফিসটি অ্যাকটিভ চিলড বিম প্রযুক্তিতে ঠান্ডা রাখা হয়।

রেনুগা বলেন, ‘শীতলীকরণ ব্যবস্থাটি এতটাই স্বাভাবিক ও নির্বিঘ্ন ছিল যে, এটি কতটা ভিন্ন, তা আমরা বুঝতেই পারিনি। তাপমাত্রাও অফিসের সবার জন্য আদর্শ।’

ভবনটির নকশাকারী প্রতিষ্ঠান ডিপি আর্কিটেক্টসের তথ্য অনুযায়ী, প্রচলিত এয়ার কন্ডিশনারের তুলনায় এই ব্যবস্থা ৩০ শতাংশের বেশি বিদ্যুৎ সাশ্রয় করে।

সিঙ্গাপুরের পশ্চিমাঞ্চলের তুয়াস বন্দরে বন্দর কর্তৃপক্ষের একটি রক্ষণাবেক্ষণ ভবনেও বিকল্প শীতলীকরণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সেখানে রয়েছে ‘প্যাসিভ ডিসপ্লেসমেন্ট কুলিং’ ব্যবস্থা, যা যান্ত্রিক পাখার ওপর নির্ভরতা কমাতে প্রাকৃতিক বায়ুপ্রবাহকে কাজে লাগায়।

এ ব্যবস্থায় ছাদের শীতলীকরণ কয়েল বাতাসকে ঠান্ডা করে। ঠান্ডা বাতাস নিচে নেমে আসে এবং উষ্ণ হওয়ার পর স্বাভাবিকভাবেই আবার ওপরে উঠে কয়েলের কাছে পৌঁছায়।

এভাবে চলমান বায়ুপ্রবাহের চক্র তৈরি হয়, যা পাখার প্রয়োজন কমিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি শব্দদূষণও হ্রাস করে।

মানসিকতার পরিবর্তন জরুরি

শীতলীকরণের আরেকটি বিকল্প হলো ‘রেডিয়েন্ট কুলিং’। এ ব্যবস্থায় ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করা পানি পাইপ বা প্যানেলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এর ফলে মানুষ ও বিভিন্ন বস্তু থেকে বিকিরিত তাপ শোষিত হয় এবং আশপাশের তাপমাত্রা কমে আসে।

শীতলীকরণের বিকল্প প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারের উদ্যোগে সরকারেরও সমর্থন রয়েছে।

২০২৪ সালে সরকারের এক গবেষণায় বিকল্প শীতলীকরণ প্রযুক্তিকে (এসিটি) গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে চিহ্নিত করা হয়। গবেষণায় বলা হয়, এসব প্রযুক্তির মাধ্যমে সিঙ্গাপুরে শীতলীকরণ খাতে বিদ্যুতের ব্যবহার সর্বোচ্চ ৪৮ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

দেশটির ভবন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের মাঝামাঝি সময় পর্যন্ত অন্তত ৩৩টি সরকারি ও ১৪টি বেসরকারি ভবনে বিকল্প শীতলীকরণ প্রযুক্তি গ্রহণ করা হয়েছে। ২০৫০ সালের মধ্যে নিট-শূন্য কার্বন নিঃসরণ অর্জনের উচ্চাভিলাষী লক্ষ্য রয়েছে সিঙ্গাপুরের।

তবে এসব প্রযুক্তির ব্যবহার এখনো তুলনামূলকভাবে সীমিত। দীর্ঘদিন ধরে প্রচলিত এয়ার কন্ডিশনার ব্যবহারে অভ্যস্ত মানুষের কাছে বিকল্প ব্যবস্থাগুলো গ্রহণযোগ্য করে তোলাও একটি বড় চ্যালেঞ্জ।

বিকল্প শীতলীকরণ প্রযুক্তির সমর্থকেরা স্বীকার করেন, প্রচলিত এয়ার কন্ডিশনারের তুলনায় এসব ব্যবস্থা স্থাপনে বেশি খরচ হয়। তবে বিদ্যুৎ সাশ্রয়ের কারণে পরিচালন ব্যয় অনেক কম হওয়ায় দীর্ঘ মেয়াদে প্রাথমিক বিনিয়োগের চেয়ে বেশি সাশ্রয় সম্ভব বলে তাঁরা মনে করেন।

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় বিকল্প হলো হাইব্রিড কুলিং। এতে এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ দশমিক ৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসে রেখে সঙ্গে পাখা ব্যবহার করা হয়।

ডিপি আর্কিটেক্টসের পরিচালক চুয়া জি জুন বলেন, ‘সবাই শীতাতপনিয়ন্ত্রিত অফিসে কাজ করতে বেশি অভ্যস্ত। তাই হঠাৎ করে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেনে নেওয়ার মতো মানসিক পরিবর্তন এখনো সাধারণভাবে গ্রহণযোগ্যতার পর্যায়ে পৌঁছায়নি।’

জলবায়ু পরিবর্তনের কারণে সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ও আর্দ্রতা বাড়তে থাকায় শীতলীকরণের চাহিদাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

প্রচলিত এয়ার কন্ডিশনারে বাষ্প-সংকোচন প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে রেফ্রিজারেন্টের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে তাপ সরিয়ে নেওয়া হয়।

বিকল্প শীতলীকরণ প্রযুক্তিও একই মৌলিক নীতির ওপর কাজ করে। তবে এসব প্রযুক্তিতে ঠান্ডা বাতাস সরাতে কম বিদ্যুৎ ব্যয় করা হয় অথবা কিছুটা বেশি তাপমাত্রার সঙ্গে মানুষের মানিয়ে নেওয়ার সক্ষমতাকে কাজে লাগিয়ে যন্ত্র চালানোর সময় কমানো হয়।

নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির শীতলীকরণ প্রযুক্তি বিশেষজ্ঞ ওয়ান ম্যান পুন বলেন, ‘প্রযুক্তিগুলো সঠিক পথে এক ধাপ এগিয়ে যাওয়ার প্রতিনিধিত্ব করে। ভবিষ্যতে এতে আরও উন্নত নিয়ন্ত্রণব্যবস্থা যুক্ত করা উচিত, যার মধ্যে পূর্বাভাসভিত্তিক ব্যবস্থাও থাকবে। কক্ষ অতিরিক্ত গরম বা ঠান্ডা হওয়ার আগেই এসব ব্যবস্থা তাপমাত্রা সমন্বয় করতে পারবে।’

তবে তিনি বলেন, ‘বাষ্প-সংকোচন প্রযুক্তির তুলনায় বেশি কার্যক্ষমতা বা দক্ষতা রয়েছে—এমন কোনো বিকল্প শীতলীকরণ পদ্ধতি আমরা এখনো খুঁজে পাইনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```