Advertisement
নভেম্বর ২২, ২০২৬

খুলনা বিভাগে লং মার্চে অংশগ্রহণকারীদের প্রতি জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ

0
8

সবার সংবাদ ডেস্ক:

১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লং মার্চ শান্তিপূর্ণভাবে সফল করায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (১ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কৃতজ্ঞতা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, লং মার্চ শান্তিপূর্ণভাবে সফল করতে দেশবাসীর সহযোগিতার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে এ লং মার্চ অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজারসংলগ্ন সড়কে লং মার্চের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিবৃতিতে তিনি বলেন, এবারের লং মার্চে সর্বস্তরের লক্ষাধিক মানুষের বাঁধভাঙা উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্বতঃস্ফূর্তভাবে নারায়ে তাকবীর ধ্বনিতে পুরো লং মার্চ মুখরিত করে রেখেছিলেন তারা। লক্ষ লক্ষ আবাল-বৃদ্ধ-বনিতা প্রখর রোদ উপেক্ষা করে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে লং মার্চের কাফেলাকে অভিবাদন জানিয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এবারের লং মার্চে হাজার হাজার নারী নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তারা দীর্ঘ সময় ধরে অবর্ণনীয় কষ্ট স্বীকার করে কর্মসূচিতে অবস্থান করেছেন এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন। এ জন্য সংগঠনের পক্ষ থেকে তাদের আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী এবং পথে পথে সহযোগিতা ও সংহতি জানানো লক্ষ লক্ষ মানুষের প্রতিও আমরা কৃতজ্ঞ।

লং মার্চে অংশগ্রহণকারী ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থক, বিভিন্ন জেলা ও মহানগরের নেতা, স্থানীয় জনগণ, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদার, যানবাহনের চালক ও মালিক, পরিবহন শ্রমিক, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সিভিল প্রশাসন, জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ এবং সড়ক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

এছাড়া লং মার্চের সংবাদ সংগ্রহ ও প্রচারে দায়িত্ব পালনকারী প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, ক্যামেরাপার্সন এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াতের এই নেতা।

বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ পথের এই কর্মসূচিতে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তি হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। জনগণের স্বার্থসংশ্লিষ্ট দাবিকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে যারা ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের ন্যায্য অধিকার ও আকাঙ্ক্ষা পূরণে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে ১১ দলীয় ঐক্যের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```