নানা পাটেকরের মৃত্যু ঘিরে তনুশ্রীর মন্তব্য, ফের আলোচনায় পুরোনো বিতর্ক
বিনোদন ডেস্ক:
সাবেক ‘মিস ইন্ডিয়া ইউনিভার্স’ ও বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। আট বছর আগে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন তিনি। গতকাল নানা পাটেকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ইনস্টাগ্রামে তনুশ্রী দত্ত লেখেন—‘শয়তানের মৃত্যু’। এরপর থেকে তার রহস্যময় মন্তব্য নিয়ে চলছে চর্চা।
তনুশ্রী দত্ত তার ইনস্টাগ্রামে নতুন একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে বিষয়টি নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।
তনুশ্রী দত্ত বলেন, “আমি যে ধরনের নেতিবাচকতার মুখোমুখি হচ্ছি, তা হয়তো অন্য কারো অভিজ্ঞতার সঙ্গে মিলবে না। অন্যদের অভিজ্ঞতা আলাদা হতে পারে। কিন্তু আমার কাছে এটাই বাস্তবতা। আমি পুরোনো বিষয় নতুন করে সামনে আনতে চাই না। কিন্তু কেউ যদি মানুষকে হয়রানি করে, তাদের ভুক্তভোগী বানায়, নানা অপকর্ম করে, তাহলে তার মৃত্যুর পর কী সব মুছে যায়? তার হিসাব কী বন্ধ হয়ে যায়?”
তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যটি ভালোভাবে গ্রহণ করেননি চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে। নেতিবাচক প্রচার চালানোর অভিযোগ তুলে ট্রলকারী ও ইউটিউবারদেরও কটাক্ষ করেছেন তনুশ্রী। ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে তনুশ্রী দত্ত বলেন, “২০২০ সালের পর আমার ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। গুণ্ডারা আমার পিছু নিত। আমার গাড়ির ব্রেক নষ্ট করে দেওয়া হয়েছিল।”
গতকাল লখনৌ যাওয়ার পথে নানা পাটেকরের মৃত্যুর খবর জানতে পারেন তনুশ্রী। এরপর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বলেন, “এই ‘শয়তানের মৃত্যু’ নিয়ে সংবাদমাধ্যমে আগ্রহ থাকবে।”
ভিডিওটি পোস্ট করার কয়েক ঘণ্টা পর লখনৌর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন তনুশ্রী দত্ত। নানা পাটেকরের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, “আমার কোনো প্রতিক্রিয়া নেই। আজকের দিনটা তাদের জন্য, তাদের অনুষ্ঠানের জন্য। আমি চাই, অনুষ্ঠানটি সফল হোক। এখন আর কী বলতে পারি? যারা চলে গেছেন, তারা তো চলেই গেছেন।”
২০১৮ সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন তনুশ্রী। এরপর বলিউডে ‘মি টু’ আন্দোলন জোরাল হয়। অনেকেই বলিউডে তাদের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরতে শুরু করেন।
তনুশ্রীর অভিযোগ, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার একটি গানে নানা পাটেকর তার সঙ্গে খারাপ আচরণ করেন। এতে তিনি এতটাই অস্বস্তিবোধ করেছিলেন যে, গানটি থেকে তাকে বেরিয়ে যেতে হয়। যদিও এ অভিযোগ অস্বীকার করেন নানা পাটেকর। এ মামলায় ক্লিনচিট পান এই অভিনেতা।
১৯৮৪ সালের ১৯ মার্চ ঝাড়খন্ডের জামশেদপুরের একটি বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তনুশ্রী দত্ত। সেখানকার ডি. বি. এম. এস. ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন। পর পুনে ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি নেন। ২০০৪ সালে ‘মিস ইন্ডিয়া ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন তনুশ্রী।
২০০৫ সালে ‘আশিক বানায়া আপনে’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তনুশ্রী দত্ত। এরপর ‘চকোলেট’, ‘ভাগাম ভাগ’, ‘রাকীব’, ‘ঢোল’, ‘গুড বয় ব্যাড বয়’, ‘অ্যাপার্টমেন্ট’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন তিনি। দীর্ঘ দিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী।
