মহাদেবপুর প্রতিবন্ধী না হয়েও ভাতা নিচ্ছেন ইউপি সদস্য ইমরান তার স্ত্রী ও মা!
মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সরকারি প্রতিবন্ধী ভাতা নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইমরান হোসাইন,তাঁর স্ত্রী মোছা. রানী আক্তার এবং তাঁর মা মোছা.আকলিমা বেগম।
তাঁরা প্রকৃতপক্ষে প্রতিবন্ধী না হয়েও সরকারি প্রতিবন্ধী ভাতার টাকা উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানে পাওয়া সরকারি প্রতিবন্ধী ভাতার ডিজিটাল ডাটাবেজ (MIS) ও মাস্টার রোলের তথ্য অনুযায়ী, ২০২৩-২০২৪ অর্থবছর থেকে সংশ্লিষ্ট তালিকায় ইউপি সদস্য ইমরান হোসাইন, তাঁর স্ত্রী রানী আক্তার ও মা আকলিমা বেগমের নাম থাকার তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। তাঁদের নাম কীভাবে প্রতিবন্ধী ভাতার তালিকায় অন্তর্ভুক্ত হলো এবং কোন প্রক্রিয়ায় তাঁরা ভাতার আওতায় এলেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
একজন জনপ্রতিনিধি নিজে এবং তাঁর পরিবারের সদস্যদের নাম সরকারি প্রতিবন্ধী ভাতার তালিকায় থাকার বিষয়টি জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে তাঁরা প্রকৃতপক্ষে প্রতিবন্ধী কি না, তাঁদের প্রতিবন্ধিতার ধরন ও মাত্রা কী,চিকিৎসকের মাধ্যমে যথাযথ যাচাই-বাছাই করা হয়েছিল কি না এবং তালিকাভুক্তির অনুমোদন কোন কর্তৃপক্ষ দিয়েছে এসব বিষয় তদন্তের দাবি উঠেছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, ২০২৩-২০২৪ অর্থবছর থেকে বর্তমান সময় পর্যন্ত সংশ্লিষ্ট তিনজনের প্রতিবন্ধী ভাতার আবেদনপত্র, প্রতিবন্ধী পরিচয়পত্র, চিকিৎসাগত সনদ, MIS ডাটাবেজ, অনুমোদনপত্র, মাস্টার রোল এবং ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ উত্তোলনের তথ্য যাচাই করতে হবে। তাঁরা প্রকৃত প্রতিবন্ধী না হয়েও কোনো প্রভাব বা অনিয়মের মাধ্যমে ভাতার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে থাকলে তা সরকারি অর্থের অপব্যবহারের শামিল। এতে প্রকৃত প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিরা তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আইনে কী বলা হয়েছে, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও পরিচয় নিশ্চিত করার ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। অসত্য তথ্য বা জালিয়াতির মাধ্যমে প্রতিবন্ধী পরিচয়পত্র কিংবা সরকারি সুবিধা গ্রহণের অভিযোগ প্রমাণিত হলে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে,স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারায় নির্ধারিত প্রক্রিয়ায় অসদাচরণ ও আইনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। তাই অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে ১০ নং ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র বলেন,“বিষয়টি আমার জানা নেই। তবে ইউপি সদস্য ইমরান হোসেন, তাঁর স্ত্রী ও মায়ের নামে প্রতিবন্ধী ভাতা থাকলে এবং তাঁরা প্রকৃতপক্ষে প্রতিবন্ধী না হয়েও ভাতার টাকা উত্তোলন করে থাকলে বিষয়টি অবশ্যই ঠিক নয়। এমন অনিয়মের সত্যতা প্রমাণিত হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মহাদেবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউনুল হক বলেন,আমি কিছুদিন আগে মহাদেবপুর উপজেলায় যোগদান করেছি।যোগদানের পর প্রতিবন্ধী ভাতা নিয়ে যেসব অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।
যারা প্রকৃত প্রতিবন্ধী নন, তাঁরা যদি ভাতার আওতায় এসে থাকেন, তাহলে তাঁদের ভাতার কার্ড বাতিল করা হবে। ইউপি সদস্য ইমরান হোসেন, তাঁর স্ত্রী ও মা প্রতিবন্ধী না হয়েও ভাতার টাকা উত্তোলন করে থাকলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ বলেন, এ ধরনের অনিয়মের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ইউপি সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ইউপি সদস্য মোঃ ইমরান হোসাইনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে। সরকারি প্রতিবন্ধী ভাতা কোনো জনপ্রতিনিধি কিংবা তাঁর পরিবারের ব্যক্তিগত সুবিধা ভোগের মাধ্যম নয়। এটি রাষ্ট্রের পক্ষ থেকে প্রকৃত প্রতিবন্ধী ও অসহায় মানুষের জন্য নির্ধারিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি। তাই অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ২০২৩-২০২৪ অর্থবছর থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাতার হিসাব, MIS ডাটাবেজ,চিকিৎসাগত সনদ ও অর্থ উত্তোলনের তথ্য জনসমক্ষে পরিষ্কার করার দাবি উঠেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারি অর্থ ফেরতসহ দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
